২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপির আশ্বাসে সড়ক ছাড়লেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা

নিউ মার্কেট দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে দুপুর থেকে সড়ক অবরোধ করে রাখার পর বিকালে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে অবস্থান ছেড়েছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 05:19 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

সোমবার দুপুর ১২টার দিকে নিউ মার্কেটের দক্ষিণে দিকের ১ নম্বর গেইটের সামনে সড়কে অবস্থান নেন ব্যবসায়ীরা।

সড়ক অবরোধ করে স্লোগান ও বক্তৃতা চালান তারা। এতে নীলক্ষেত মোড় থেকে বিডিআর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকাল পৌনে ৫টার দিকে স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস সেখানে যান। তিনি ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

ব্যবসায়ীদের উদ্দেশে তাপস বলেন, “আমি আপনাদের সঙ্গে একমত। নিউ মার্কেটের একটা নিজস্ব ঐতিহ্য আছে। সিটি করপোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা তারা পুনর্বিবেচনা করবেন বলে আমার বিশ্বাস।

“আগামীকাল আমি দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা রাস্তাটি ছেড়ে দিন, এতে মানুষের কষ্ট হচ্ছে।”

এরপর ৫টার দিকে ব্যবসায়ীরা সড়ক থেকে সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃত্বে সড়কে নেমে এসেছিলেন ব্যবসায়ীরা।

সমিতির সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএসসিসির কিছু অসৎ কর্মকর্তা নিউ মার্কেটকে দ্বিতীয় তলা করতে চাচ্ছে। এটা ঐতিহ্যবাহী মার্কেটের অবকাঠামো নষ্ট করবে।”

অবরোধের সময় পুলিশ গেলেও ব্যবসায়ীরা অবস্থান ছাড়েননি।

নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন্স) শের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলেও তারা যায়নি। তবে কোনো মারামারি বা পরিবহন ভাংচুর করেনি তারা।”

এমপির আশ্বাসে সড়ক ছাড়লেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা