২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু সাহিত্য লিখতে নিজেকে গুরুজন ভাবা বাদ দেওয়ার পরামর্শ

শিশুদের জন্য সাহিত্য রচনায় জটিল বাক্যবিন্যাসে গুরুগম্ভীর ভাবনার প্রকাশ না ঘটিয়ে শিশুর চারপাশের ঘটনাবলীকে সহজ-সরল ভাষায় উপস্থাপনের পরামর্শ দিয়েছেন জনপ্রিয় দুই লেখক মুহম্মদ জাফর ইকবাল ও সুকুমার বড়ুয়া।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 09:03 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

শিশু-কিশোরদের পছন্দের অনেক বইয়ের লেখক জাফর ইকবাল মনে করেন, শিশু সাহিত্য লিখতে গেলে সবার আগে নিজের শৈশবের কথাই চিন্তা করতে হবে।

আর একুশে পদকজয়ী শিশুসাহিত্যিক-ছড়াকার সুকুমার বড়ুয়া শিশুসাহিত্য রচনায় সময়ের সঙ্গে পরিবর্তনের বিষয়গুলো মাথায় রাখতে বলেছেন।শিশু-কিশোরদের জন্য একটি সহজ-সরল ভাষারীতি প্রয়োগের পরামর্শও দিয়েছেন তিনি।

বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে শিশু-কিশোরদের জন্য আসা বই নেড়ে-চেড়ে সন্তুষ্ট হতে পারেননি অধ্যাপক জাফর ইকবাল।

তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকাল শিশু-কিশোরদের জন্য যারা বই লিখছে, সেসব তরুণদের রচনা দেখে মনে হয় তারা নিজেদের খুব বেশি গুরুজন মনে করেন। বইয়ের পাতায় পাতায় তারা উপদেশ দেন। তারা মনে করেন, খুব গভীরভাবে চিন্তা করে, কঠিন বাক্য সাজিয়ে একটা চিরায়ত সাহিত্য রচনা করতে হবে। কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয়। শিশুদের জন্য লিখতে হবে সুন্দর, সহজ গল্প।”

তরুণ লেখকদের উদ্দেশে এই লেখক বলেন, “লিখতে গেলে সবার আগে নিজের শৈশবের কথা, সে শৈশব কেমন কেটেছে, শৈশবের দিনগুলো কেমন রঙিন ছিল- এসব সহজ সহজ কথা সহজভাবে লিখলে সেটা কিন্তু সুসাহিত্য হয়ে যায়। খুব কঠিন কিছু কিন্তু নয় ব্যাপারটা।”

শিশু-কিশোরদের বই পড়ায় আগ্রহী করে তুলতে বরাবরই উৎসাহব্যঞ্জক কথা বলে আসছেন জাফর ইকবাল।

এবার বইমেলায় এসে ভক্ত-অনুরাগীদের অটোগ্রাফ দিতে দিতে তিনি বলেন, “শিশুদের বই পড়ার কোনো বিকল্প নেই। একথা আমি বারবার বলব- ফেইসবুক ছেড়ে এসো; অনলাইন, পিডিএফ বা হার্ডপ্রিন্ট যে কোনো বই হোক না কেন ভালো লেগে গেলে সেসব বই পড়ে ফেল।”

এবার বইমেলায় তাম্রলিপি প্রকাশনী এনেছে জাফর ইকবালের সায়েন্স ফিকশন ‘সাইক্লোন’। মেলার এই দশ দিনে এই বইই বিক্রিতে সবার উপরে রয়েছে বলে প্রকাশনীর মালিক তারিকুল ইসলাম রনি জানিয়েছেন।

এছাড়াও বইমেলায় পার্ল পাবলিকেশন্স থেকে এসেছে মুহম্মদ জাফর  ইকবালের ‘তবুও টুনটুনি তবুও ছোটাচ্চু’, সময় প্রকাশনী থেকে এসেছে তার আরেকটি সায়েন্স ফিকশন ‘ত্রাতিনা’।

‘সাইক্লোন’ কেনার সময় স্টলে দাঁড়িয়ে স্কুলছাত্র ইফতেখার উদ্দিন তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইমেলায় অনেক সায়েন্স ফিকশন আছে। কিন্তু স্যার অনন্য, তার ধারেকাছে আর কেউ কখনও আসবেন না।

“বড় দেরিতে এসেছি। সায়েন্স ফিকশনটা পাব কি না, তা নিয়ে ভয় ছিল। ভাগ্য ভালো যে মেলায় এসে সায়েন্স ফিকশনটা পেয়ে গেলাম। স্যারের অটোগ্রাফও নিয়েছি। ভাগ্য ভালো আমার। গতবারও বই কেনার দিন স্যারের সঙ্গে আমার দেখা হয়েছিল। স্যারের অটোগ্রাফ সম্বলিত তিনটা সায়েন্স ফিকশন আমার কাছে আছে।”

ছড়াকার সুকুমার বড়ুয়া ২০ বছর আগে লেখালেখি ছেড়ে দিলেও এখনও মেলায় তার ছড়া, শিশু সাহিত্যের চাহিদা রয়েছে। বেশ কয়েকটি প্রকাশনী তার পুরনো বইগুলো পুনর্মুদ্রন করে ছাপাচ্ছে।

সুকুমার বড়ুয়া বলেন, “পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শিশুসাহিত্য রচনা করা উচিৎ, নচেৎ সেগুলো বৃথাই যাবে। যারা শিশু সাহিত্য লিখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন শিশু-কিশোরদের জন্য একটি সহজ-সরল ভাষারীতি প্রয়োগ করেন।”

শিশুদের ওপর অভিভাবকদের ‘সার্বক্ষণিক খবরদারির’ পক্ষে নন কার্টুনিস্ট-শিশু সাহিত্যিক আহ্সান হাবীব।

তিনি বলেন, “বাচ্চাদের পছন্দ সব সময় আলাদা। তাদের কথা একটু আলাদাভাবেই ভাবা উচিৎ। বাবা-মায়ের খবরদারি সব সময় কিন্তু ভালো দেখায় না। তারা সব সময় প্রতিষ্ঠিত লেখকদের বই নিতে চান। নতুন লেখকদের বই তারা হাতে নিয়েও দেখেন না।”

তবে শিশু-কিশোরদের বই নির্বাচনের ক্ষেত্রে অভিভাবকরা সহযোগিতা করতে পারেন বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে নিজের জীবনে বড় ভাই প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরামর্শের কথা উল্লেখ করে আহসান হাবীব।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যখন ছোট ছিলাম বড় ভাইয়া (হুমায়ূন আহমেদ) আমাকে একটি লাইব্রেরিতে এন্ট্রি করিয়ে দিলেন। আমি সেখান থেকে যখন বই এনে পড়তে শুরু করলাম, তখন ভাইয়া এসে একদিন বলল- ‘কী সব আজেবাজে বই পড়িস?’ ভাইয়া সেদিন ভালো বইয়ের তালিকা করে দিলেন। ভালো বইয়ের তালিকা কিন্তু বাবা-মাকেই নির্বাচন করতে হবে, পাঠাভ্যাসের সময় সেই পরিবেশটাও গড়ে তুলতে হবে।”

শিশুদের জন্য বই কেনার ক্ষেত্রে মানের দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়ে শিশুসাহিত্যিক আলী ইমাম বলেন, “ভুল বাক্য ও শব্দ চয়নে দুর্বলতার কারণে অধিকাংশ শিশুসাহিত্য মান হারিয়েছে। আর মানহীন শিশুসাহিত্য বা রচনাগুলো শিশুদের বিভ্রান্ত করছে। রহস্য রোমাঞ্চ বা গল্প যাই লিখছি না কেন আমরা, একটা পরিকল্পিত প্যাটার্ন নেই বলে শিশুসাহিত্য এখনও সুসাহিত্য হয়ে উঠতে পারছে না।”

মেলায় শিশু প্রহরে শিশু চত্বরে প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার কার্টুন সিরিজ নয়, শিশুদের মেধা বিকাশকে গুরুত্ব দিয়ে বর্ণমালা ও আঁকিবুকির বই বেশি ছাপিয়েছেন তারা।

সিলেবাসের বাইরে এসে শিশুরা যাতে প্রাণিজগত, খেলাধুলা, দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিদের সম্পর্কে জানতে পারে সে বিষয়টি মাথায় রেখে বই প্রকাশের  কথা জানালেন তারা।

প্রকাশনা সংস্থা ঘাসফড়িংয়ের মালিক রত্না রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গল্পের বইয়ের পাশাপাশি শিশুরা এবার সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের নানা প্রকল্পের দিকে ঝুঁকছে। শিশুদের এই ঝোঁক আমাদের অনুপ্রাণিত করে, মৌলিক রচনার ক্ষেত্রেও আমরা এবার জোর দিয়েছি।”

তাদের প্রকাশনী থেকে এবার মেলায় আসা আহসান হাবীবের ‘নির্বাচিত কিশোর গল্প’ ও ‘ছোটদের স্কুলের গল্প’র পাশাপাশি শুভ্র শ্যামের স্কুলভিত্তিক ৫০টি বিজ্ঞান প্রজেক্ট বইটিও বেশ বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

মাহি প্রকাশনের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “শিশুরা এবার ভূত-প্রেত ছেড়ে বিজ্ঞানের বইয়ের দিকে ঝুঁকছে।”

রকিব হাসানের ‘তিন রহস্য’ প্রকাশ করেছে তারা।

কিশোরদের কাছে অন্যতম জনপ্রিয় এই লেখকের তিন কিশোর গোয়েন্দা সিরিজের ‘কিশোর মুসা রবিন: ভূতের রাজ্যে’, ‘কিশোর মুসা রবিন: মেঘের শহর’, ‘কিশোর মুসা রবিন: দ্বীপ রহস্য’ বইগুলো এনেছে প্রতীক প্রকাশন।

কল্পকাহিনী বিভাগে ২০১৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ী লেখক মোশতাক আহমেদের সায়েন্স ফিকশন ‘অমর মানব’, ‘ছায়াস্বর্গ’ এনেছে অনিন্দ্য প্রকাশ।

এই প্রকাশনীর মালিক আফজাল হোসেন জানান, জাফর ইকবালের পরে মোশতাক আহমেদের লেখা সায়েন্স ফিকশনের চাহিদা ‘বেশ ভালো’।  

পাঞ্জেরী প্রকাশনীর অন্যতম মালিক কামরুল হাসান শায়ক জানান, শিক্ষা বিষয়ক বিভিন্ন বইয়ের পাশাপাশি বয়সভিত্তিক সৃজনশীল বই তারা প্রকাশ করেছেন। বরাবরের মতো বিশ্বখ্যাত কিশোর ক্ল্যাসিক সিরিজের বইগুলো তারা বাংলায় প্রকাশ করেছে। কোন বয়সী শিশুর জন্য কোন বই উপযোগী তাও উল্লেখ করা হয়েছে।

মেলার প্রথমভাগে এসেছে ‘ক্যাপ্টেন হ্যাটম্যান’ সিরিজের ‘তেল রহস্য’ অভিযানটি।

এছাড়া ইমদাদুল হক মিলনের ‘বুমার বাড়িতে ভূতের উপদ্রব’, ধ্রুব এষের ‘সারি’, পলাশ মাহবুবের ‘না ঘুমানোর দল’, আনোয়ারা সৈয়দ হকের ‘কিশোর উপন্যাস সমগ্র’র পাশাপাশি শাহরিয়ার খানের ‘বেসিক আলী’ কার্টুন সিরিজও ভালো বিক্রি হয়।  

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক বলেন,  “শিশুদের বয়স উপযোগী বই প্রকাশ করতে হলে একটি অবকাঠামো দরকার হয়।সেই অবকাঠামো এখনও প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি।”

মেলায় কিশোর পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সেবা প্রকাশনীর বই। তিন গোয়েন্দা’, ‘মাসুদ রানা’ সিরিজের পর অনুবাদের সিরিজ ‘হেনরি রাইডার হ্যাগার্ড’, ‘এরিক মারিয়া রেমার্ক’, ‘ভিক্টোরিয়া হল্ট’, ‘কর্নেল জে এ প্যাটারসন’- এর অনুবাদের রয়েছে বেশ চাহিদা।এছাড়া সারভান্তেস, লরা ইঙ্গল্স ওয়াইল্ডার, শার্লট ব্রুনটি, জেমস ফেনিমোর কুপার, ড্যানিয়েল ডিফো, মার্ক টোয়েনের–কিশোর ক্ল্যাসিকের অনুবাদ।

সেবা প্রকাশনীর ব্যবস্থাপক মমিনুল ইসলাম বলেন, “প্রতিবারের মতো এবারও আমরা পাঠক চাহিদার কথা মাথায় রেখে কিশোর ক্ল্যাসিকগুলো এনেছি। ইতোমধ্যে শামসুদ্দীন নওয়াবের কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’র ভলিউম ১৪৪, কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘দুরাত্মা’ ও ‘নরপশু’ মেলায় চলে এসেছে। প্রথম সংস্করণও শেষ হওয়ার পথে।”

নাজিয়া আহমেদ বলেন, “বইমেলা থেকে যত বই-ই কিনি না কেন, সেবা প্রকাশনী থেকে মাসুদ রানা, তিন গোয়েন্দা সিরিজের বইগুলো না কিনলে মেলা কেমন যেন অসম্পূর্ণই থেকে যায়। সেবার ক্ল্যাসিক সিরিজের আবেদন অন্যরকম।”