চাঁপাইনবাবগঞ্জ হয়ে ভারতে ট্রেন এ বছরই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এই বছরের মধ্যে ঢাকা থেকে চাঁপাইনবাবঞ্জের রহনপুর হয়ে ভারতে রেল সেবা শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই বছরের মধ্যে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে ভারতে সরাসরি যাত্রীবাহী ট্রেন চালু হবে।”
এছাড়াও চাঁপানবাবগঞ্জের সাঁতারুদের জন্য তিনি কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
চাঁপানবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে ‘৮ম চাঁপাই উৎসব’-এর উদ্বোধনী পর্বে বক্তব্য দিচ্ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রেললাইন, চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ রেললাইন, মহানন্দা ও পাগলা নদী খনন প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়নসহ বছরে দুই বার আম ফলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি আরো বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলার লক্ষ লক্ষ রাজমিস্ত্রী কাজ করে ঢাকা শহরে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিলে দেশে ও বিদেশে কাজের মান বৃদ্ধি পাবে ও বৈদেশিক মুদ্রা অর্জন হবে।”
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সাংসদ মোহাম্মদ গোলাম মোস্তফা, রাজনীতিবিদ কাইয়ুম রেজা চৌধুরী ও সমিতির সাধারণ সম্পাদক উজির আলী।
