২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মানবাধিকার কমিশনের সাক্ষাৎ

সাধারণ মানুষের আস্থা অর্জনে সততার সঙ্গে কাজ করতে জাতীয় মানবাধিকার কমিশনকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 11:57 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সাধারণ মানুষের অধিকার অর্জনে আস্থা ও সততার সঙ্গে কাজ করতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানান।”

মানবাধিকার কমিশন এসময় ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

প্রেস সচিব জানান, মানবাধিকার কমিশনকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে রাষ্ট্রপতি সর্বস্তরের সাধারণ মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

কমিশনের পক্ষ থেকে এসময় তাদের কার্যক্রম ও প্রতিবেদনের বিভিন্ন সম্পর্কে অবহিত করা হয়।

কমিশনের কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চাওয়া হয় বলেও জানান প্রেস সচিব।

কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।