রায়ের প্রভাব বইমেলাতেও
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তার কড়াকড়িতে একুশের বইমেলা ছিল ফাঁকা ফাঁকা।
বৃহস্পতিবার অষ্টম দিনে মেলার দুয়ার খোলে বেলা ঠিক ৩টায়, তার তিন ঘণ্টা পরও অর্ধশতাধিক স্টলকে ঝাঁপি খুলতে দেখা যায়নি। যারা খুলেছিলেন, তাদেরও ক্রেতাদের জন্য হা পিত্যেস করতে দেখা যায়।
সন্ধ্যা নামার পর মানুষ বাড়ে মেলায়, প্রকাশকদের ফ্যাকাসে মুখগুলো ফিরে পায় হাসি।
রাত সাড়ে ৮টার দিকে ঝাঁপি বন্ধ করতে করতে কয়েকজন বলেন, পরিস্থিতি বিবেচনায় বিক্রি ভালোই ছিল।
সন্ধ্যার দিকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম বলেন, তিনি নিজেও মেলায় না আসার চিন্তা করছিলেন।
“রায় ঘোষণার পর ভেবেছিলাম, আজকে মেলায় আর পাঠকই আসবে না। তবে তা মিথ্যা প্রমাণ করে পাঠকরা দল বেঁধে এসেছেন বই কিনতে। তেমন ভিড় নেই বলে পাঠকও কিন্তু বেশ সময় নিয়ে আজকে বই যাচাই বাছাই করে কিনতে পেরেছেন।”
কাকলী প্রকাশনীর মালিক এ কে নাছির আহমেদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার আজ তেমন পাঠক আসবেন না বলেই মনে হচ্ছিল। পুরো শহরজুড়ে ছিল না গণপরিবহন। তবুও শেষ বিকালে যখন পাঠকরা আসতে শুরু করলেন, তখন সত্যি অবাক হয়েছি।”
তবে পাঠক সমাগমে মন ভরেনি প্রবীণ এই প্রকাশকের। তিনি বলেন, “রায় ঘোষণার প্রভাব শুধু আজকেই কেন, আরও কদিন পরেও তার প্রভাব কাটবে কি না, তাও বলতে পারছি না।”
অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, “রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, তা বলা যাচ্ছে না। মেলায় বই বিক্রি ও পাঠক সমাগম কেমন হবে, তাও অনিশ্চিত।”
বৃহস্পতিবার দুপুরে বকশীবাজারের বিশেষ আদালতে রায় ঘোষণার আগে সকাল থেকে গণপরিবহন সঙ্কটে পড়ে নগরবাসী; এরপর দুপুরে রায় ঘোষণা পর র্যাব, পুলিশ বিভিন্ন স্তরের নিরাপত্তায় ঢেকে ফেলে গ্রন্থমেলা প্রাঙ্গণ।
শাহবাগ মোড়, হাই কোর্ট চত্বর, টিএসসিতে নিরাপত্তার কড়াকড়িও বাড়ে। বইমেলা প্রাঙ্গণে আসতে পাঠক, প্রকাশক ও স্টলের বিক্রেতারা কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে মেলায় আসছেন।
দুপুরে গ্রন্থমেলায় পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত শাহবাগ থানার এসআই দিদার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদা জিয়ার রায় ঘোষণা উপলক্ষে পুরো বইমেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বইমেলা চত্বরে বাড়ানো হয়েছে পুলিশ সদস্য সংখ্যা। তবে পাঠক যেন নিরাপদে মেলাপ্রাঙ্গণে আসতে পারেন, সেজন্য আমরা সহযোগিতা করব।”
প্রশাসনের উদ্যোগে স্বস্তি প্রকাশ করে প্রকাশকদের কেউ কেউ বলছেন, নিরাপত্তা ইস্যুতে নিশ্চিত হলে বইয়ের টানে পাঠক নিশ্চয়ই মেলায় আসবেন।
তাম্রলিপি প্রকাশনীর মালিক এ কে তারিকুল ইসলাম রনি বলেন, “গণপরিবহনের সঙ্কট না থাকলে রাজনীতি পরিস্থিতি যাই হোক না কেন, মেলায় পাঠক আসতেন। নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি। আমরা তাকিয়ে থাকব আগামী দিনগুলোর দিকে। তবে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, পাঠক কিন্তু ঠিক বইয়ের টানে মেলায় ছুটে আসবেই।”
বৃহস্পতিবার শুরুর দিকে যারা মেলায় গিয়েছিলেন, তাদের অভিজ্ঞতা খুব নির্ঝঞ্চাট ছিল না। বইমেলায় আসার পথে বেশ হ্যাপা পোহাতে হয়েছে তাদের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণপরিবহন সঙ্কটের পর নিরাপত্তার কড়াকড়িতে বইমেলায় আসতে বেশ বেগ পোহাতে হয়েছে। গুলিস্তান থেকে সরাসরি আসতে পারিনি, কাকরাইল ঘুরে আসতে হয়েছে।”
পাঠক মিজানুল হক শাহেদ বলেন, “রাজনৈতিক ইস্যুতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মেলায় আসতে একাধিকবার তল্লাশি করা হয়েছে।”
বিকাশের স্টলের ইনচার্জ মো. শাহরিয়ার আহমেদ বলেন, “নিরাপত্তাকর্মীরা একাধিকবার জিজ্ঞাসার পর আমাদের বইমেলায় ঢুকতে দিয়েছে।”
নিরাপত্তা ইস্যুতে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে ফোন করা হলে তিনি ‘বড় ঝামেলায় আছি, পরে কথা হবে বলে’ ফোন কেটে দেন।
মেলার পরিচালক জালাল আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি।
তবে সন্ধ্যার দিকে যারা মেলায় গিয়ছিলেন, তাদের অভিজ্ঞতা ছিল ভিন্ন।
জহির আহমেদ নামে একজন বলেন, “সন্ধ্যার দিকে নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। গণপরিবহন সঙ্কট একটু ছিল বটে।”
রিতু ভট্টাচার্য এসেছিলেন উত্তরা থেকে। গণপরিবহন সঙ্কটের কথা স্বীকার করে তিনি বলেন, “দুপুরবেলা ভেবেছিলাম আসব মেলায়, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। রাস্তা ফাঁকা পেলাম সন্ধ্যায়।
“উত্তরা থেকে আসতে সময়ও লেগেছে মাত্র এক ঘণ্টা! বইমেলা প্রাঙ্গণও পেয়ে গেলাম ফাঁকা। আজ মনের আনন্দে পছন্দের সব বই কিনে নিতে পারছি। আজ তো বই কেনারই দিন।”
মূল মঞ্চের অনুষ্ঠান
বৃহস্পতিবার বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘এ বি এম হাবিবুল্লাহ - মমতাজুর রহমান তরফদার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আকবর আলি খান এবং মেজবাহ্ কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক পারভীন হাসান।
এ বি এম হবিবুল্লাহ শীর্ষক প্রবন্ধে আকবর আলি খান বলেন, “ড. হাবিবুল্লাহর গবেষণা থেকে দেখা যায় তুর্কি সুলতানরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দিল্লির সুলতানদের সাফল্য সম্পর্কে তিনি যে চিত্র এঁকেছেন তা আজও প্রাসঙ্গিক।”
পাকিস্তানের সাম্প্রদায়িক ইতিহাসচর্চার প্রচণ্ড হুমকির কাছে ড. হাবিবুল্লাহ আত্মসমর্পণ করেননি উল্লেখ করে তিনি বলেন, “ড. হাবিবুল্লাহ্ প্রগতিশীল চেতনার আলোকবর্তিকাকে লালন ও রক্ষা করেছেন। তার লেখা শুধু বিভাগপূর্ব ভারত বা পাকিস্তানি প্রজন্মের জন্যই প্রাসঙ্গিক নয়, তার বক্তব্য আজকের প্রজন্মের জন্যও সমভাবে সত্য। ইতিহাসচর্চার ক্ষেত্রে তিনি অজ্ঞানতার তিমিরকে চূর্ণ করেছেন।”
মমতাজুর রহমান তরফদার শীর্ষক প্রবন্ধে মেজবাহ্ কামাল বলেন, “ইতিহাসচর্চার গতানুগতিক ধারাকে অতিক্রম করে বিজ্ঞানসম্মত ও প্রগতিশীলতার আলোকে মধ্যযুগের ইতিহাসকে পুনঃগঠন করেছেন মমতাজুর রহমান তরফদার। মধ্যযুগের কাব্যচর্চা থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চাও ছিল তাঁর ইতিহাস-গবেষণার বিষয়বস্তু।”
শুক্রবারের অনুষ্ঠান সূচি
শুক্রবার গ্রন্থমেলার নবম দিনের মেলা শুরু হবে সকাল ১১টায়, শিশু প্রহর চলবে বেলা ১টা পর্যন্ত। পরে বিকাল ৩টা থেকে শুরু হয়ে মেলা চলবে ৯টা পর্যন্ত।
অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করবেন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন।
বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘রশীদ উদ্দিন, উকিল মুন্সী, বারী সিদ্দিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
নতুন বই
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, অষ্টম দিনে বইমেলায় নতুন বই এসেছে ৬৪টি এবং প্রথম সপ্তাহে বাংলা একাডেমির নিজস্ব স্টলে বিক্রির পরিমাণ প্রায় ২১ লাখ টাকা। এর মধ্যে গল্প ৮, উপন্যাস ৭, প্রবন্ধ ৪, কবিতা ১৯, গবেষণা ২, ছড়া ২, শিশুসাহিত্য ১, জীবনী ২, মুক্তিযুদ্ধ ৪, বিজ্ঞান ১, ভ্রমণ ২, ইতিহাস ৭, অনুবাদ ১ ও অন্যান্য বিষয়ের উপর নতুন আরও ৪টি বই এসেছে।
