আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণার গেজেট হস্তান্তর
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে তাকে একবিংশতম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার গেজেট হস্তান্তর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসির সচিবও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গেজেট হস্তান্তর করে সিইসি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।“
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসময় রাষ্ট্রপতিকে কমিশনের মনোগ্রামের আদলে তৈরি একটি ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
সিইসিসহ নির্বাচন কমিশনাররা চলে যাওয়ার পর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা আবদুল হামিদকে অভিনন্দন জানান।
বুধবার বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত ঘোষণা করে ইসি।
মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এ নির্বাচনের নির্বাচনী কর্তার দায়িত্বে থাকা সিইসি নূরুল হুদা।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।
তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।
২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ। আর এবার ২৩ এপ্রিল তার শপথ হতে পারে বলে আভাস দিয়েছেন সিইসি।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ৫ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের দিন একমাত্র আবদুল হামিদের মনোনয়নপত্র জমা পড়ে।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর শুধু ১৯৯১ সালেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
