২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপপ্রচারে অবহেলিত’ তরুণ কবিরা

মেলায় সব কবিতার বই মানহীন- এই ‘অপপ্রচারে’ তরুণ কবিরা পাঠকের মনোযোগ পাচ্ছে না বলে মনে করেন কবি নির্মলেন্দু গুণ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 11:39 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

আরেক প্রবীণ কবি আসাদ চৌধুরীর মতে, তরুণদের অনেকে বাংলা কবিতায় নতুনত্বের সমাবেশ ঘটালেও ‘পত্রিকানির্ভর গোষ্ঠী’ তৈরি হওয়ায় তারা ঠিকমতো প্রচার পাচ্ছেন না।

অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তরুণ কবিদের নিয়ে এসব বললেন বাংলার খ্যাতিমান এই দুই কবি।

তাদের মতে, কবিতায় সমাজ, সভ্যতা ও দেশের কথা তুলে ধরছেন তরুণরা। এখন কেবল সচেতন পাঠকের সেই কাব্যগ্রন্থগুলো মূল্যায়নের অপেক্ষা।

নির্মলেন্দু গুণ বলেন, “মেলায় অনেক তরুণ কবির বই প্রকাশিত হচ্ছে। ভাষা, ছন্দের দারুণ সব খেলায় তারা কাব্যসাহিত্যকে সমৃদ্ধ করছেন। কিন্তু তাদের প্রচারের বড় অভাব। মেলায় সব কবিতার বই মানহীন-এমন প্রচারে তরণ কবিদের দিকে পাঠক মনোযোগ দিচ্ছে না।”

তরুণ কবিদের নিয়ে আরও বেশি প্রচার হলে তবেই পাঠক তাদের চিনবে বলে মনে করেন তিনি। এক্ষেত্রে প্রকাশকদের ভূমিকা প্রত্যাশা করেন কবি।

আসাদ চৌধুরী বলেন, “ইউরোপ-আমেরিকার মিথ, জাপান ও চীনের হাইকো- ইত্যাদির ব্যবহার  করছেন তরুণ কবিরা। তারা আমাদের সাহিত্যের পুনর্গঠনে ভাষার উৎস সন্ধান করে চলেছেন। সময়ের সঠিক ধ্বনি তারা ধরতে পেরেছেন, যা তাদের কবিতায়ও প্রতিফলিত হতে দেখি।

“আসলে কি পত্রিকানির্ভর একটি গোষ্ঠী তৈরি হয়ে গেছে, তাই তরুণ কবিদের অনেকেই সেভাবে প্রচার পাচ্ছেন না।”

বইমেলায় আসা ‘শিক্ষিত পাঠকরা’ তরুণ কবিদের বইগুলোর মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন আসাদ চৌধুরী।

তরুণ কবিদের প্রতি কবিতার প্রকরণের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য ‍পুরস্কার পাওয়া কবি আবিদ আনোয়ার।

তিনি বলেন, “কবিতায় প্রকরণের ব্যাপারে তরুণরা যত্নবান নন বলেই এমনটি ঘটছে। তবে আশার কথা, তরুণ কবিরা আরও অনেক বেশি নিরীক্ষাধর্মী কাজ করছেন। নিজেদের ত্রুটি শুধরে ক্রমেই তারা ভাষা, ছন্দ ও বাক্যপ্রয়োগে নতুনত্ব নিয়ে আসছেন।”

তরুণ কবি পিয়াস মজিদ মনে করেন, ইন্টারনেটের কারণে এখন কবির সঙ্গে পাঠকের মতবিনিময়ের সুযোগ বেশ বেড়ে গেছে। তাই কবিতা সম্পর্কে পাঠক এখন আগের তুলনায় খুব সহজেই তার অভিমত জানাতে পারছেন, ‍কবিরাও নিজেদের কাব্যরীতি নিয়ে সচেতন হচ্ছেন।

“কবিরা তাদের পাঠকশ্রেণির মতামত জেনে কবিতার বিবর্তন নিয়ে এখন আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। পুরনো কবির বই বেশি যাচ্ছে, নতুন কবির যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু এখন সেভাবে নেই। কবিদের অনেকেই এখন প্রকাশক হচ্ছেন, তাদের বইয়ে আরও অনেক বেশি যত্নের ছাপ থাকছে,” বলেন তিনি।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রতিবারের মতো এবারও নির্দিষ্ট শ্রেণির একটি পাঠকের কবিতার বইয়ের প্রতি আগ্রহ রয়েছে। প্রকাশকরা বলছেন, মেলার প্রথমভাগে তরুণ কবিদের তুলনায় প্রতিষ্ঠিত কবিদের বই বেশি বিক্রি হয়।

মেলায় কবিতার বইয়ের খোঁজে আসা পাঠক ও আবৃত্তিশিল্পী জোবাইদা আক্তার বলেন, “মেলায় অধিকাংশ কবিতার বই একেবারেই নিম্নমানের। এগুলো কবিতা হয়েছে না কি ছাই! তরুণ কবিদের মধ্যে যারা ভালো লিখছেন, তাদের বইগুলো এখন খুঁজে পাওয়া দুস্কর।”

তরুণ কবিদের কবিতার বইগুলো বিক্রি না হওয়ার পেছনে প্রকাশকদের দায় দেখছেন পাঠক হাসানুজ্জামান শরীফ।

তিনি বলেন, “স্টলগুলোতে বই বিন্যাসই ঠিকমতো থাকে না। ফেইসবুকে দেখে একজন তরুণ কবির বই আমি কিনতে এসেছি। কিন্তু প্রকাশনীতে গিয়ে দেখলাম বইটা ডিসপ্লেতে নেই। ওরা আসলে জানেই না, কোন বইটা ভালো কোনটা মন্দ। মেলায় বেশ কিছু কবিতার বই দেখলাম। তরুণদের কবিতাগুলো ভালো হচ্ছে।”

আমিনুর রহমান নামে মধ্যবয়সী আরেক পাঠক বললেন, কবিতার বইয়ের খোঁজে এসে তিনি হতাশ হননি। তরুণ কবিদের কাব্যগ্রন্থ তাকে মুগ্ধ করেছে।

“প্রতিবারই মেলায় একটি অভিযোগ থাকে, মেলার কবিতার বইগুলো নিম্নমানের। কিন্তু তরুণ কবিদের বই এবার সব ভুল প্রমাণ করছে। তাদের অনেকের কবিতা পড়ে আমি মুগ্ধ।”

ইত্যাদি গ্রন্থপ্রকাশের কর্ণধার আদিত্য অন্তর বলেন, “মেলায় কবিতার বই যেগুলো এসেছে, সেগুলোর ক্রেতা ধীরে ধীরে বাড়ছে। তরুণ কবিদের বইও পাঠক খুঁজছেন। কবিতার বইয়ের ক্ষেত্রে এটা বড় ইতিবাচক দিক। যতই দিন গড়াবে, আরও বেশকটি নতুন কবিতার বই আনব। বৈচিত্র্যের দিক থেকে কবিতার পাঠককে আমরা নতুনত্ব উপহার দেব।”

অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, “প্রতিবারই মেলায় দারুণ সব কবিতার বই আসে। নির্দিষ্ট শ্রেণির পাঠকরা শুরুতেই এসব লুফে নেন। শুধু প্রকাশের সংখ্যা নয়, সচেতন পাঠক কবিতার  বইগুলো মান বিচার করে কিনে নিলে বিক্রির দিক থেকেও কবিতার বই সব কিছুকে টপকে যাবে।”

গ্রন্থমেলার সাম্প্রতিক ইতিহাস বলছে, প্রতিবারই প্রকাশের দিক দিয়ে কবিতার বই এগিয়ে থাকে। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্যানুযায়ী, গ্রন্থমেলায় তৃতীয় দিনে ২৬টি, চতুর্থ দিনে ২৬টি, পঞ্চম দিনে ৩২টি ও ষষ্ঠ দিনে ৪৩টি কবিতার বই প্রকাশিত হয়েছে।

বইমেলায় আসা কিছু কবিতার বই

‘রচনাবলী: পঞ্চম খণ্ড ’: নির্মলেন্দু গুণ

বিভিন্ন সময়ে প্রকাশিত নির্মলেন্দু গুণের কবিতার নানা সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে ‘রচনাবলী: পঞ্চম খণ্ড ’। বইটি এসেছে কাকলী প্রকাশনী থেকে।

একটি সন্তানসম্ভবা পাখির গল্প: নির্মলেন্দু গুণ

‘একটি সন্তানসম্ভবা পাখির গল্প’ শিরোনামে নির্মলেন্দু গুণের প্রেমের কবিতার সংকলন প্রকাশিত হয়েছে অবসর প্রকাশনী থেকে।

উৎকট তন্দ্রার নিচে : সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হক তখন মৃত্যুশয্যায়, স্ত্রী আনোয়ারা সৈয়দ হককে তিনি মুখেই বলেছেন অনেক কবিতা। শিরোনামহীন সেই কবিতাগুলোর পাশাপাশি সৈয়দ হকের আদি পর্বের কবিতা, বিভিন্ন উপলক্ষের কিছু কবিতা সংকলিত হয়েছে ‘উৎকট তন্দ্রার নিচে’ কাব্যগ্রন্থে। গুলশানের বাসভবন মঞ্জুবাড়িতে চারুশিল্পীদের আড্ডায় বসে লেখা, নানা গুণীকে অর্পিত পদাবলী, ‘সওগাত’ পত্রিকায় ১৯৫৪ সালে ‘স্বপ্নতারা’ শিরোনামে একটি কবিতাও রয়েছে এই সংকলনে।

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটির দাম ১৫০ টাকা।

শ্রেষ্ঠ কবিতা : সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হকের জীবদ্দশায় বিভিন্ন সময়ে প্রকাশিত ও অপ্রকাশিত কবিতা সংকলন নিয়ে চারুলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘শ্রেষ্ঠ কবিতা’। কাব্যগ্রন্থটির দাম ৫৫০ টাকা।

কবিতাসমগ্র : মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিকের ‘মেঘে এবং কাদায়’, ‘রূপকথা কিংবদন্তি’, ‘মাতিকিসকু’, ‘বিষখালি সন্ধ্যা’, ‘কালাপানি’, ‘নোনাঝাউ’-কবিতাগ্রন্থের নানা সংকলন নিয়ে ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘কবিতাসমগ্র’। বইটির দাম ৫০০ টাকা।

শ্রেষ্ঠ কবিতা: কাজী রোজী

কবি কাজী রোজীর কবিতার সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে ‘শ্রেষ্ঠ কবিতা’। ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে আসা বইটির দাম ২০০ টাকা।

অনন্তের বাঁশি: মহাদেব সাহা 

জগৎজুড়ে বাঁশি বাজে, মর্মের ভেতরে সেই সুর, কবি যেন নিরন্তর সেই সরব নিঃশব্দ সুরের সন্ধান করে চলেছেন নিজের মধ্যে, নিজের অন্তরে। ধ্বনিহীন, শব্দহীন সেই সুর হৃদয়ে পবিত্র এক শিহরণ জাগায়, ভুলিয়ে দেয় তার বেদনা। মনে হয়, মানুষের সারা জীবন তারই অপেক্ষা, জেগে থাকা ও পথ চাওয়া। কবিতাগুলোতে মিশে আছে বেদনা ও আর্তি। ‘অনন্তের বাঁশি’ শিরোনামে মহাদেব সাহার কবিতার সংকলন এনেছে অনন্যা, বইটির দাম ১০০ টাকা।

প্রেম ও প্রকৃতির কবিতা: রফিক আজাদ

রফিক আজাদের কবিতা পরিক্রমায় প্রধান অস্ত্র প্রকৃতি ও প্রেম। প্রকৃতিবিনাশী ক্রিয়াকলাপের জন্য তিনি সবারর কাছে করজোড়ে ক্ষমা চান। রফিক আজাদের কবিতায় প্রেম পেয়েছে নতুন মাত্রা। তার প্রেম ও প্রকৃতির কবিতার সংকলন এসেছে ‘প্রেম ও প্রকৃতির কবিতা’ শিরোনামে। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটির দাম ২৪০ টাকা।

এছাড়া পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে এসেছে পিয়াস মজিদের ‘নাচ, মারবেল ও গোধূলি’,  আগামী থেকে এসেছে কাজল শাহনেওয়াজের ‘কবিতাসমগ্র’, অনিন্দ্যপ্রকাশ থেকে এসেছে কামরুল হাসানের ‘ছেলেটা বৃক্ষ হতে চেয়েছিল’, জয়তী থেকে এসেছে ‘নিমন্ত্রিত নিদ্রা’, অন্যপ্রকাশ থেকে এসেছে মারুফুল ইসলামের ‘নতুন করে পাব বলে’, শাহাবুদ্দীন নাগরীর ‘জোৎস্নাভর্তি কাব্যভ্যানে আমি নেই’, মূর্ধন্য থেকে এসেছে তাহসিনা অ্যানির ‘ব্যস্ত পিঁপড়ার মতো ব্যস্ততা’, বলাকা প্রকাশনী থেকে এসেছে মারজু মুনের ‘স্পর্শের আড়ালে তুমি’, অন্যধারা থেকে এসেছে ফারহানা হোসেনের ‘নিষুপ্ত নিষাদ’, বটেশ্বর বর্ণন থেকে এসেছে হাসান মোস্তফার ‘সুবর্ণগায়ে যাব’ কাব্যগ্রন্থগুলো।