রাষ্ট্রপতির সাথে কনসুলার কোরের প্রতিনিধিদলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের অনারারি কনসাল জেনারেলদের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার ‘কনসুলার কোরের’ সাত সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতে তারা রাষ্ট্রপতিকে বাংলাদেশের সাথে বহিঃবিশ্বের সম্পর্ক বৃদ্ধিতে তাদের বিভিন্ন উদ্যোগের কথা জানান। তারা বলেন, বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে তারা কাজ করছেন।”
এসময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ একটি উজ্জ্বল সম্ভাবনাময় দেশ। এখানে বাণিজ্য-বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তিনি কনসুলারদের সংশ্লিষ্ট দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনাময় ক্ষেত্রগুলো খুঁজে বের করার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশের শ্রম বাজার সম্প্রসারণে কাজ করার পরামর্শ দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
