২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্সট্রাক্টরকে মারধর:  ঢাকা পলিটেকনিকে শিক্ষকদের ক্লাস বর্জন

ছাত্রদের হাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ইন্সট্রাক্টর মারধরের শিকার হওয়ার পর ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 10:05 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

সোমবার ক্লাস বর্জনের পাশাপাশি শিক্ষকরা বিক্ষোভ করেন, তাতে কর্মকর্তা-কর্মচারীও অংশ নেন।

রোববার দুপুরে ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ আশিকুর রহমানকে কয়েকজন ছাত্র মারধর করে বলে অভিযোগ আসার পর সোমবার ইনস্টিটিউট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শিক্ষকরা জানান, কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে একজন শিক্ষককে দেখে ‘টাকা দিলেই পাস করা যায়’ বলে মন্তব্য করেন। এসময় আশিকুর পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করলে তার উপর হামলা হয়। আশিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী কাজী জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার পর শিক্ষকরা ক্লাস বর্জন করেছে। ঘটনাটি নিয়ে একডেমিক কাউন্সিলে আলোচনার পর ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন দিনের সময় দেওয়া হয়েছে।

“যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”