রায় নিয়ে অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে জনগণের জানমালের ক্ষতিসাধনের চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহতের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া।
রোববার বিকালে বইমেলার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “একটি মামলার বিচার নিয়ে জননিরাপত্তার যে প্রশ্ন আসছে তা দুঃখজনক। রায় কারও মনঃপুত না হলে উচ্চ আদালত রয়েছে। এ নিয়ে কোনো কর্মকাণ্ডে জনগণের ও কোন সম্পদের ক্ষতি সাধন করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সব প্রস্ততি নেওয়া হয়েছে।
“কোনো অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না।”
৮ ফেব্রুয়ারি ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে পরিস্থিতি কী হবে তা নিয়ে জনমনে উৎকণ্ঠা রয়েছে।
বিএনপি নেতাকর্মীরা যাতে মাঠে নামতে না পারে সেজন্য আগে থেকেই মাঠ দখলের জন্য আওয়ামী লীগ কর্মীদের প্রতি দলটির কয়েকজন নেতা আহ্বান জানিয়েছেন।
তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই দিন কোনো কর্মসূচি থাকছে না তাদের। জনগণের জান-মাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
“উদ্ভূত পরিস্থিতিতে কখন কী করতে হবে, সেটা তারা দেখবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ৩০ জানুয়ারি হাই কোর্টের কাছে পুলিশের ওপর যে হামলা হয়েছে তার ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে।
“কীভাবে পুলিশের উপর হামলা হয়েছে, তা দিনের আলোর মতো পরিষ্কার। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।”
ওই হামলায় এখন পর্যন্ত দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
