২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মিরপুরে অভিযানে ৪টি পানির কারখানা সিলগালা

ঢাকার মিরপুর চিড়িয়াখানা সড়ক এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চারটি কারখানা সিলগালা করে দিয়েছে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা-বিএসটিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 02:52 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

রোববারের এই অভিযানে ছয়জনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত; জরিমানা করেছে ৪ লাখ ৭৫ হাজার টাকা।

র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ছয়টি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫ হাজারের বেশি পানির জার জব্দ ও ধংস করা হয়।

অভিযানের শুরুতে মিরপুর এক নম্বর সেকশনের শাহ আলী বাগের সিকদার ‘পিওর ড্রিংকিং ওয়াটার’ নামে এক কারখানায় যায় ভ্রাম্যমাণ আদালত।

সেখানে ওয়াসার লাইনের পানি সরাসরি জারে ভরা হচ্ছিল বিক্রির জন্য। জার বিশুদ্ধ করার নিয়মও তারা অনুসরণ করে না।

ভ্রাম্যমাণ আদালত কারখানাটি বন্ধ করে দেয় এবং পানি বিপণনে জড়িত চারজনকে তিন মাসের কারাদণ্ড দেয়।

উত্তর বিশিলের ‘রূপালী ফ্রেশ ড্রিংকিং ওয়াটার’ নামে কারখানাটির বিএসটিআইয়ের অনুমোদন আছে। তবে তারা নিয়ম না মেনে কোনো ধরনের পরিশোধন ছাড়াই পানি বাজারজাত করছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত এ প্রতিষ্ঠানটিও সিলগালা করে দেয়। কারখানাটিকে এক লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।

চিড়িয়াখানা রোডের ‘আল সাফি পিওর ড্রিংকিং ওয়াটার’ কারখানার কোনো অনুমোদন ছিল না। নোংরা পরিবেশে ওয়াসার নল থেকে পানি ভরে বিক্রি করছিলেন প্রতিষ্ঠান মালিক।

কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানা সংশ্লিষ্ট দুজনকে তিন মাস করে কারাদণ্ডের পাশাপাশি ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তার পাশের ‘আর আর ড্রিংকিং ওয়াটা ‘ নামে প্রতিষ্ঠানেরও বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। এ কারখানায় পানির জন্য গভীর নলকূপ থাকলেও তা থেকে পানি উঠানো হয় না। ওয়াসার একটি পাইপ থেকে মোটরে পানি টেনে সরাসরি বোতলে ভরে বাজারজাত করা হচ্ছিল। এ কারখানাটিও সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় দুই লাখ টাকা।

অনুমোদন থাকলে নিয়ম না মেনে পানি বিপণন করায় ‘স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা কারখানা জরিমানা করা হয়।

অনুমোদন নিয়ে নিয়ম না মানায় এবং অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানান র‌্যাবের হাকিম সারওয়ার আলম।

তিনি বলেন, “তারা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া পানি বোতলজাত করছিল। এসব পানি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি  তৈরি করছে।

“একটি কারখানায় দেখলাম যেখানে পানির ফিল্টারের শুধু ঢাকনা দিয়ে রাখা হয়েছে। ভেতরে ফিল্টার নেই। ওয়াসার পানি চুরি করে জারে ভরে দিচ্ছে। এজন্য আমরা যে কয়জনকে পেয়েছি, তাদের জেল দেওয়া হয়েছে।”

‘আর আর ড্রিংকিং ওয়াটার’ নামে প্রতিষ্ঠানটি বাণিজ্যমেলায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে পানি সরবরাহ করছিলে বলে জানান তিনি।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) এক গবেষণায় বোতলজাত ও জারের পানিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়ার খবর সংবাদ মাধ্যমে এলে নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই উদ্যোগী হয়।

সারা দেশ বিএসটিআইর লাইসেন্সধারী পানি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৯টি। তবে বর্তমানে ১৯৯টি প্রতিষ্ঠান বৈধভাবে কার্যক্রম চালাচ্ছে।

ঢাকায় ৮৩টি প্রতিষ্ঠান বিএসটিআইর লাইসেন্স নিয়ে পানি উৎপাদন ও বিপণন করে। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠান বোতলজাত আর বাকিগুলো জারের পানি বিক্রি করে।

গত জানুয়ারির শেষ দিক থেকে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ কারখানা বন্ধ করেছে বিএসটিআই।