প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চায় জাসদ
মন্ত্রিসভায় অনুমোদিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানিয়েছে শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদ।
শনিবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলের এক প্রতিনিধি সভায় দলটির নেতারা এই দাবি জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাসদ সভাপতি আম্বিয়াকে উদ্ধৃত করে এতে বলা হয়, “প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের যে খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে তা অগ্রহণীয়। আমরা এই আইনের ব্যক্তি-বাক স্বাধীনতা পরিপন্থি ধারাগুলো পরিবর্তনের জোর দাবি জানাই।”
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা সাংবাদিকদের হয়রানি ও মত প্রকাশের স্বাধীনতা খর্বের অভিযোগ উঠলে প্রতিবাদের মুখে ওই ধারাটি বাতিলের উদ্যোগের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন করছে সরকার।
সংসদে তোলার আগে গত সোমবার মন্ত্রিসভায় অনুমোদিত আইনের খসড়ায় দেখা যায়, ৫৭ ধারার বিষয়বস্তুগুলোই রয়েছে নতুন প্রস্তাবিত আইনে।
পাশাপাশি এতে যুক্ত ৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করবে বলে গণমাধ্যমকর্মীরা মনে করেন।
সরকারি গোপন তথ্য-উপাত্ত ডিজিটাল উপায়ে ধারণ, স্থানান্তর বা সংরক্ষণ করা এবং তাতে সহায়তাকে গুপ্তচরবৃত্তির অপরাধ হিসেবে গণ্য করে ১৪ বছরের কারাদন্ড বা ২৫ লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে।
প্রতিনিধি সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, মো. খালেদ, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, নাসিরুল হক ও মো. মহসীন; বাংলাদেশ জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুসহ উপস্থিত ছিলেন।
