প্রধান বিচারপতির নিয়োগকে স্বাগত জানিয়েছে আইনজীবী সমিতি
জ্যেষ্ঠতা লঙ্ঘন হলেও প্রধান বিচারপতি পদে সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, “আগামীকাল সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আমরা প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানাব। আমরা তার নিয়োগকে স্বাগত জানাচ্ছি।”
ওই সংবাদ সম্মেলন শেষ করেই বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে যোগ দেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করার পর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক আবদুল ওয়াহহাব মিঞাকে ওই দায়িত্বভার দিয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু শুক্রবার তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করার পরপরই পদত্যাগ করেন বিচারপতি ওয়াহহাব মিঞা।
বিচারপতি ওয়াহহাব মিঞার দুই বছর পর ২০০১ সালের শুরুতে হাই কোর্ট বিভাগে বিচারকের দায়িত্ব শুরু করেছিলেন সৈয়দ মাহমুদ হোসেন। তার আগে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছিলেন।
সুপ্রিম কোর্ট বারের সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, “এখানে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে। আইনজীবী সমিতি জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিরুদ্ধে।”
সুপ্রিম কোর্ট বারের বিএনপিপন্থি নেতারা বিচারপতি সিনহার পদত্যাগের জন্য সরকারকে দায়ী করে আসছিলেন। দীর্ঘদিন প্রধান বিচারপতির পদ শূন্য থাকা নিয়েও উদ্বেগ জানিয়েছিল সমিতি।
সে প্রসঙ্গ টেনে জয়নুল বলেন, “আইনজীবী, বিচারপ্রার্থীসহ দেশের সকল মানুষের মধ্যে উদ্বেগ ছিল। দীর্ঘদিন ধরে বিচার বিভাগের পদটি খালি ছিল, যা বিচার বিভাগের ইতিহাসে আগে ঘটেনি।
“কিন্তু তারপরেও পরিবর্তিত পরিস্থিতে এ নিয়োগটি গতকাল হয়েছে। সে কারণে আমরা মনে করি, বাংলাদেশের প্রধান বিচারপতির শূন্য পদ পূরণ হয়েছে।”
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আইনাঙ্গনে ‘যে ক্ষত হয়েছে’, নতুন প্রধান বিচারপতি তা সারিয়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন আইনজীবী সমিতির এই নেতা।
“আমরা আশা করি, ন্যায়বিচার, মানবাধিকার সমুন্নত রাখতে বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রধান বিচারপতি সবসময়ই সচেষ্ট থাকবেন।”
আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সহ সভাপতি অজি উল্লাহ, উম্মে কুলসুম রেখাসহ বারের আওয়ামী ও বিএনপিপন্থি সদস্যরা উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে।
