২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ভাষা পরিবারের মধ্যে বাংলা বেশি বিজ্ঞানসম্মত: মোস্তাফা জব্বার

ভারতীয় ভাষা পরিবারের মধ্যে বাংলা ভাষা সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 11:47 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য বৃহস্পতিবার নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘জাতিসংঘে বাংলা চাই’ শিরোনামে অনলাইন আবেদন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ে আসা মোস্তাফা জব্বার বলেন, “বাংলা ভাষা ভারতীয় ভাষা পরিবারের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত। সারা পৃথিবীর মানুষ বাংলা ভাষাকে সম্মান করে। তথ্যপ্রযুক্তির প্রতিটি ক্ষেত্রেই এখন বাংলা ভাষা ব্যবহার করা যায়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইতোমধ্যেই বাংলা ভাষা সমৃদ্ধকরণে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।”

সর্বত্র বাংলা ভাষার প্রচলনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “পৃথিবীতে ভাষার জন্য রক্ত দিয়েছে এমন একটি জাতির নাম বাঙালি জাতি। বাঙালির ভাষার আন্দোলন বাহান্নতেই শেষ হয়ে যায়নি। ধর্মীয় বিভাজন ভেঙে দিয়ে আমরা একটি ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। পৃথিবীর ৩৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, আর ৪০ কোটি মানুষ বাংলা হরফ ব্যবহার করে। জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা।”

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবির প্রতি সমর্থন জানিয়ে মন্ত্রী বলেন, “বাঙালির ২১ শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর প্রজ্ঞাবান নেতৃত্বের ফলে আন্তর্জাতিক রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। তারই নেতৃত্বে বাংলা জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে  প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার ও সহকারী সম্পাদক হারুন রশীদ উপস্থিত ছিলেন।