২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু শুনানি: বাঁধ রক্ষায় পাউবোর বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ

দেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে বাঁধ রক্ষণাবেক্ষণে পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও অব্যবস্থাপনা রয়েছে- এমন অভিযোগ তুলে এ দায়িত্ব স্থানীয় সরকারকে দেওয়ার সুপারিশ করেছেন কয়েকজন জনপ্রতিনিধি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 05:00 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গ্রামীণ জীবনযাত্রায় স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) আয়োজিত তৃতীয় জাতীয় জলবায়ু শুনানিতে এই সুপারিশ করা হয়।

শুনানিতে জনপ্রতিনিধি প্যানেলে উপস্থিত ছিলেন কয়রা সদর উপজেলার চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাতক্ষীরার বুড়িগোয়ালিনী ইউনিয়িনের চেয়ারম্যান ভবতোষ মণ্ডল ও গাইবান্ধার পৌরসভার কাউন্সিলর দিলরুবা পারভীন ঝর্ণা।

জলবায়ু পরিবর্তন ও পৌনঃপুনিক বন্যার কারণে মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন তারা। পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও অব্যবস্থাপণার কারণে বাঁধগুলোর রক্ষণাবেক্ষণ হয়না বলে অভিযোগ তোলেন এই প্রতিনিধিগণ। যেহেতু যেকোনো দুর্যোগের প্রথম ধাক্কাটা স্থানীয় সরকারকেই সামলাতে হয়, তাই বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় সরকারের ওপর দেওয়ার দাবি তোলেন তারা।

পানিসম্পদ বিশেষজ্ঞ ও প্রফেসর এমিরিটাস আইনুন নিশাত ঝুঁকিপ্রবণ অঞ্চলে বাঁধগুলোর উচ্চতা বাড়ানোর কথা বলেন। সেক্ষেত্রে সময়মত ‘প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি’ গঠন করা ও কাজটি সরাসরি ইউনিয়ন পরিষদে দেওয়ার সুপারিশ করেন তিনি।

শুনানিতে আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী টেকসই উন্নয়নের কথা তুলে ধরে বলেন, “কাউকে পেছনে ফেলে যাওয়া যাবেনা। সেক্ষেত্রে কারা পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে তাদের চিহ্নিত করতে হবে। আর এক্ষেত্রে উপকূলীয় মানুষদের যোগ করতে হবে।”

বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারের ভূমিকা থাকা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও সংসদে শুনানি হওয়া দরকার বলে মনে করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ বলেন, “অর্থ বরাদ্দের ক্ষেত্রে দুর্যোগপ্রবণ এলাকাগুলোকে প্রাধান্য দিতে হবে এবং কার্যকর অ্যাকশন প্ল্যান ও নাগরিক কমিটি গঠন করতে হবে যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়।”

শুনানিতে বাংলাদেশ বাঁধ ব্যবস্থাপনার আদ্যোপান্ত ও করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরেন অংশগ্রহণকারীরা। দুর্যোগ পরবর্তী সময়ে জীবন ও জীবিকার নিরাপত্তার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও নারী-শিশুর সম্মানজনক পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে বলে মত দেন বিশেষজ্ঞরা। স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও নগদ অর্থ সহায়তার ব্যাপারেও সরকারের দৃষ্টি দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তারা। এছাড়াও দুর্যোগ ব্যাবস্থাপনা আইনানুযায়ী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবী তোলেন বিশেষজ্ঞরা।

শুনানিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালরিবিলিটি স্টাডিজের পরিচালক মাহবুবা নাসরীন, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ভাইস চ্যান্সেলর জাহাঙ্গীর আলম খান, জলবায়ু বিশেষজ্ঞ এ আতিক রহমান এবং জলবায়ু অভিযোজন ও তহবিল বিশেষজ্ঞ আহসান উদ্দিন আহমেদ।

এছাড়াও বাঁধ অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত কয়েকজনও এতে অংশ নেন।

শুনানিতে সভাপতিত্ব করেন সিএসআরএল সভাপতি কাজী খলীকুজ্জামান আহমদ। শুনানি শেষে তিনি বিভিন্ন প্যানেল থেকে প্রস্তাবিত সুপারিশগুলো পড়ে শোনান। শুনানী সঞ্চালনা করেন সিএসআরএল এর সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা।