২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে চালু হল আধুনিক গণশৌচাগার

রাজধানীর মোহাম্মদপুরে একটি আধুনিক গণশৌচাগার চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 08:39 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

ডিএনসিসির প্যানেল মেয়র মো. ওসমান গণি বৃহস্পতিবার মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে নির্মিত এ শৌচাগার উদ্বোধন করেন।

আধুনিক ও দৃষ্টিনন্দন, প্রতিবন্ধীবান্ধব এই গণশৌচাগারে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। রয়েছে হাত ধোঁয়া ও গোসলের ব্যবস্থাও। এখান থেকে বিশুদ্ধ খাবার পানিও নিতে পারবেন নগরবাসী।

এখানে সার্বক্ষণিক বিদ্যুত থাকবে। আছে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থাও। শৌচাগারে সেবা নিতে আসা মানুষের সহায়তায় পেশাদার পরিচ্ছন্নতাকর্মী ও নারী তত্ত্বাবধায়ক থাকবেন।

উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের সহায়তায় এ শৌচাগার নির্মাণ করা হয়েছে। এ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি গণশৌচাগার চালু হল।

ওসমান গণি বলেন, “সাধারণ পথচারী ও নাগরিকদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এসব গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে।”

গণশৌচাগার সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে সবার প্রতি আহ্বান জানান প্যানেল মেয়র।

তিনি বলেন, “কিছু প্রতিষ্ঠা করা যতটা কঠিন তার চেয়ে অনেক কঠিন তা রক্ষণাবেক্ষন করা। তাই এটি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই এর সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব, ডিএনসিসি ও ওয়াটারএইড বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।