অভিন্ন প্রশ্নে এসএসসি পরীক্ষা শুরু
প্রশ্নফাঁস ঠেকাতে নিয়মের কড়াকড়ির মধ্যে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, যাতে ২০ লাখের বেশি শিক্ষার্থী এবার অংশ নিচ্ছে।
প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম দিনের পরীক্ষা শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যানজটের ঝক্কি সামলে পরীক্ষার্থীদের কেন্দ্রে হাজির হয়ে আসনে বসতে হয়েছে সাড়ে ৯টার মধ্যে।
প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি বিষয়ের পরীক্ষা হয়েছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) বিষয়ের পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে যান।
“আমরা খুবই কঠোর অবস্থান নিয়েছি। আমি দুটো শব্দ ব্যবহার করেছি। আমরা খুবই ডেসপারেট, খুবই অ্যাগ্রেসিভ এ বিষয়ে। এবং যদি কোথাও কেউ কোনোভাবে প্রশ্ন ফাঁসের চেষ্টা করে, তিনি কোনভাবেই রেহাই পাবেন না। কী হবে, আমিও সেটা ধারণা করতে পারি না। চরম একটা ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রী পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র খুলে পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।
>> এসএসসি ও সমামানের পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন। গতবছর পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখ ৪৫ হাজার ২৮৬ জন।
>> আট সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ থেকে ২৪ ফেব্রুয়ারি চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।
>> সারা দেশে ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হচ্ছে।
>> এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার জন্য নিবন্ধন করেছে।
>> পরীক্ষার্থীদের মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র; ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।
>> বিদেশের আটটি কেন্দ্রে এবার ৪৫৮জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে।
সময়ের নিয়ম
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার এসএসসিতে আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হলে বসার বাধ্যবাধকতা দেওয়ায় সকাল ৭টা থেকেই শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রের দিকে ছুটতে দেখা যায় উদ্বিগ্ন অভিভাবকদের।
তারপরও যানজট ঠেলে যাদের কেন্দ্রে পৌঁছাতে সামান্য দেরি হয়েছে, তাদের পরীক্ষা দিতে সমস্যা হয়নি।
মিরপুর-১২ নম্বরে এমডিসি মডেল ইনস্টিটিউট কেন্দ্রে সকাল ৯টা ৩৫ মিনিটে কেন্দ্রে পৌঁছানো তিন শিক্ষার্থীকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বাইরে।
পরে অভিভাবকদের অনুরোধে পৌনে ১০টার দিকে তাদের হলে ঢুকতে দেওয়া হয় বলে জানান বাইরে দায়িত্বরত পল্লবী থানার এস আই মঞ্জুর।
তিনি বলেন, “কেন্দ্র একটু পর ঢুকতেই পারে। পরীক্ষা না দিতে পেরে যদি কোনো দুর্ঘটনা ঘটায়- এর দায় কে নেবে?”
এ কেন্দ্রের সামনে থাকা কালসি ইসলামিয়া স্কুলের এক পরীক্ষার্থীর অভিভাবক নূরে আলম বলেন, “আমরা নিজেরা সচেতন না বলেই আসলে প্রশ্ন ফাঁস হয়। যে ছেলেটা দেরি করে আসল, তাকে সময়মত কেন্দ্রে পাঠানোটা অভিভাবকেরও দায়িত্ব।”
মতিঝিল আইডিয়া স্কুলে অ্যান্ড কলেজ কেন্দ্রে এবারের পরীক্ষা দিচ্ছে পাঁচটি স্কুলের ৪৭৭ জন। এ কেন্দ্রের সচিব অধ্যক্ষ শাহান আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কাজী নাফিয়া রহমানকে বলেন, ওই কেন্দ্রে সবাই সাড়ে ৯টার মধ্যে এসেছে, কেউ দেরি করেনি।
“পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি ও প্রশ্নফাঁস ঠেকাতেই পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা দিয়েছে মন্ত্রণালয়। তাই এ নিয়ম সবাইকে মানতে হবে।”
এরপরও কেউ যদি দেরি করে, তখন তাদের সঙ্গে কথা বলে দেরি হওয়ার যুক্তিসঙ্গত কারণ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ফাহমিদা চৌধুরী নামের এক অভিভাবক বলেন, “সাড়ে ৯টার মধ্যেই অধিকাংশ শিক্ষার্থী ভেতরে ঢুকে গেছে। মেয়েকে নিয়ে আমিও আজ সময়মত আসতে পেরেছি। শুধু গুটিকয় শিক্ষার্থীকে দেখেছি ৪/৫ মিনিট দেরি হয়েছে।”
কেন্দ্র সচিব ছাড়া সবার ক্ষেত্রে মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবারও আছে। কেন্দ্র সচিবকেও এমন মোবাইল ফোন ব্যবহার করতে হবে, যা দিয়ে ছবি তোলা যায় না। কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া পরীক্ষার্থীর বাইরে অন্য কেউ কেন্দ্রের সীমানায় প্রবেশ করতে পারবেন না।
এবার মাধ্যমিকে সব বোর্ডের পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে।
এনসিটিবির নির্দেশনা অনুসারে এবার শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষায় বসতে হচ্ছে না শিক্ষার্থীদের। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রে পাঠাবে। কেন্দ্রে তার সঙ্গে ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ করে পাঠানো হবে বোর্ডে।
দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।
অটিস্টিক ও ডাউন সিনড্রোম প্রতিবন্ধীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে এবং শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দিতে পারবে।
