ঢাকা দক্ষিণ সিটির দুই প্রকৌশলী বরখাস্ত
সিটি করপোরেশনে যুক্ত চার ইউনিয়নের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ ওঠায় দুই প্রকৌশলীকে বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বরখাস্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ার কথাও বুধবার সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ডিএসসিসিতে নতুন যুক্ত হওয়া এ চার ইউনিয়নে চলা উন্নয়ন কাজের নিম্নমান এবং কাজের ধীরগতির অভিযোগ করেছিলেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন দুই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার প্রতিষ্ঠান জি কে এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করেছেন।
এছাড়া প্রকল্প পরিচালক ও পরামর্শককেও কারণ দর্শাতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া জি কে এন্টারপ্রাইজের শেষ করা কাজের গুণগত মান এবং ব্যবহৃত মালামাল পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও বুয়েটকে চিঠি পাঠিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
