পুলিশকে হামলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী
পুলিশের ওপর বিএনপিকর্মীদের হামলাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে বুধবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারিকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর তিনি বলেন, “গতকালও একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ রকম জঘন্য ঘটনা আমরা দেখিনি।
“এ ধরনের জঘন্য ঘটনা আমরা কোনো দিন সহ্য করব না।”
আগের দিন হাই কোর্টের সামনে পুলিশ ভ্যানে হামলা চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে বিএনপি কর্মীরা।
হাই কোর্ট এলাকায় আক্রমণের মুখে পালাচ্ছেন পুলিশ সদস্যরা (মঙ্গলবারের ছবি)
বিকালে ওই ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নতুন আইজিপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাস-মাদক, জঙ্গিবাদ নির্মূল, সবকিছুই চলবে-সেটাই আমরা চাচ্ছি।
“দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাক- সেটাই আমরা চাচ্ছি। উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।”
এক্ষেত্রে দেশবাসীরও সহযোগিতা কামনা করেন সরকার প্রধান।
বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, “আাইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
