২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগে হাই কোর্ট বেঞ্চ স্থাপন চিন্তায় আছে: মন্ত্রী

দেশে বিভাগওয়ারি হাই কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে সরকার চিন্তা-ভাবনা করছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 07:40 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলে বুধবার সংসদে প্রশ্নোত্তরে জানান তিনি।

মন্ত্রী বলেন, “যদি সরকার মনে করে যে, বিভাগ-ওয়ারি হাই কোর্ট বেঞ্চ স্থাপনের প্রয়োজন আছে তাহলে জনগণের কল্যাণের কথা চিন্তা করে দেশের বিভাগগুলোতে হাই কোর্ট বেঞ্চ স্থাপনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।”

এইচ এম এরশাদের আমলে সংবিধান সংশোধন করে ঢাকার বাইরে হাই কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়েছিল। তখন এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন আইনজীবীরা, পরে সুপ্রিম কোর্ট ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে।

বর্তমানে অস্থায়ী বেঞ্চ গঠনের বিধান সংবিধানে রয়েছে। তবে বর্তমান সরকারের আমলে সরকার চট্টগ্রামে এ ধরনের বেঞ্চ গঠনের প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠালেও তা নাকচ করে দেওয়া হয়।

২০১৫ সালে সংসদে ঢাকার বাইরে হাই কোর্টের বেঞ্চ বসানো নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন হওয়ায় এ বিষয়ে সরকারের কিছু করণীয় নেই।

“সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে প্রধান বিচারপতি রাজধানী ছাড়াও বাংলাদেশের যে কোনো স্থানে হাই কোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ স্থাপন করতে পারেন।”