এসএসসিতে বসতে যাচ্ছে ২০ লাখ শিক্ষার্থী
সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রে বৃহস্পতিবার একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, যাতে এবার অংশ নেবে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।
কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্র সচিবকেও এমন মোবাইল ফোন ব্যবহার করতে হবে, যা দিয়ে ছবি তোলা যায় না।
আট সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ থেকে ২৪ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা চলবে। ব্যবহারিক পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।
পরীক্ষার্থী এসএসসি: ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন দাখিল: দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন কারিগরি: এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন |
গতবছর এসএসসি ও সমামানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখ ৪৫ হাজার ২৮৬ জন।
এবারের পরীক্ষার্থীদের মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র; ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
