২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে অভিযোগ না পেলে সরকার অসহায়: তথ্যমন্ত্রী 

কোনো সংবাদপত্র ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলেও এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় সরকারের কিছু করার থাকে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 09:18 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

তিনি বলেছেন, সংবাদপত্রের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার পর সরকার তা বাস্তবায়নের ‘চেষ্টা’ করবে।

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে সোমবার ১৩ সদস্যের নবম ওয়েজবোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয়।

বাংলাদেশের নিবন্ধিত সংবাদপত্রগুলোর মধ্যে ৩ দশমিক ০৬৫ শতাংশ অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের তথ্য সরকারকে জানিয়েছে; যা নিয়ে খোদ সরকারের ভেতরেই প্রশ্ন আছে।

নবম ওয়েজবোর্ড ঘোষণার পরদিন এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে আসেন তথ্যমন্ত্রী।

নতুন বেতন কাঠামো ঘোষণার পর তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন করা হলে ইনু বলেন, “ওয়েজবোর্ড বাস্তবায়নে ডিএফপির (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) আওতায় নজরদারি কমিটি আছে, সেখানে সংবাদপত্র কর্মচারী এবং সাংবাদিকদের প্রতিনিধি আছে।

“ওয়েজবোর্ড বাস্তবায়ন হচ্ছে কি না, যারা (বাস্তবায়ন) করছে না সেটা (কমিটি) নজরদারি করে। ওই কমিটিতে গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা সদস্য হিসেবে আছেন। তাদের নেতৃত্বে পুরো সংবাদপত্র জগতে নজরদারি চলে, পরিচালনা চলে।”

মনিটরিং কমিটিতে সরকারের প্রতিনিধি থাকার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, “(ওয়েজবোর্ড) আংশিক বাস্তবায়ন হয়, এরপরেও সনদ পেয়েছে। যতক্ষণ পর্যন্ত কমিটির নজরে কেউ (বিষয়টি) না আনেন… কমিটির বাইরে সরাসরি মন্ত্রণালয়ের নজরেও আনতে পারেন।

“আমি দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত কোনো সাংবাদিক-কর্মচারী কোনো আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করেননি। আমার অফিসাররা তো কাজ করবে অভিযোগের ওপরে।”

ওয়েজবোর্ড বাস্তবায়নকারী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সনদ দেওয়া হয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এরপর তারা সরকারি সুযোগ-সুবিধা পায়, যারা সনদ পায়নি তারা (সুবিধা) পায় না।

ইনু বলেন, নবম ওয়েজবোর্ড গঠনের জন্য ২০১৬ সালের ১৮ অক্টোবর অংশীজনদের নিয়ে প্রথম বৈঠক হয়। সেই থেকে ‘অব্যাহত সভা ও প্রচেষ্টার ফসল’ এই নবম মজুরি বোর্ড।

“নবম মজুরি বোর্ড যাতে সাংবাদিকদের জন্য উপকার আনতে পারে সেজন্য মালিকপক্ষের প্রতিনিধি নিয়েই বোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ ছিল। খানিক সময় লাগলেও আমরা সেভাবেই তা বাস্তবায়ন করতে পেরেছি।”

মন্ত্রী বলেন, ইলেকট্রনিক গণমাধ্যমকে মজুরি বোর্ড রোয়েদাদের আওতায় আনতে সরকারের সদিচ্ছার অভাব নেই। সেজন্য ২০১৬ সালের প্রথম সভায় গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠনগুলোর সমন্বয়ে কমিটিও গঠন করা হয়েছিল।

“তা সত্ত্বেও সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের সাথে ইলেট্রনিক গণমাধ্যমের সাংবাদিক ও কর্মচারীদের পদ সোপানের সমতা বিধান করে কোনো প্রস্তাব এখনও পাওয়া যায়নি। তবে আমরা হাল ছাড়িনি। লক্ষ্য করলে দেখবেন, ইলেট্রনিক মিডিয়ার কর্মীদের বিষয়টিও পরীক্ষা নিরীক্ষা করে মজুরি বোর্ড সুপারিশ প্রণয়ন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।”

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “এ বিষয়ে কথা বলতে হলে প্রস্তুতি নিয়েই কথা বলব। আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।”

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সংবাদকর্মীদের বেতন বাড়াতে নতুন ওয়েজবোর্ড
৩% পত্রিকায় ওয়েজবোর্ড, তাতেও সন্দেহ
অচেনা পত্রিকাগুলোরও এত প্রচার সংখ্যা!