২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একবিংশ শতাব্দীতেও দিশারী নবাব ফয়জুন্নেসা’

বাংলাদেশে নারী শিক্ষার বিস্তার তথা নারীর জাগরণের পথে নবাব ফয়জুন্নেসা এখনো ‘দিশারীর ভূমিকা পালন করছেন’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 09:26 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

তিনি বলেছেন, “কোন জামানায় তিনি নারীদের মধ্যে লেখাপড়ার আলো ছড়িয়ে দিয়েছেন, তাদের জ্ঞানের আলোয় আলোকিত হতে উৎসাহ যুগিয়েছেন, ও মাই গুডনেস!  গ্রেট অ্যাডমায়ার, তিনি যে এখনো আমাদের নারীদের দিশারী।”

সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘নবাব ফয়জুন্নেছা: বাঙালি সমাজের আলোকবর্তিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ফিলেনথ্রপিস্ট নওয়াব ফয়জুন্নেসা ট্রাস্টের (পিএনএফ) যৌথ আয়োজনে জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, “নবাব ফয়জুন্নেসা সম্পর্কে আমি এই সেমিনারে এসে নতুন সব তথ্য জানতে পারছি, যেগুলো হয়তো পরে আমার কোনো লেখায় আমি সংযুক্ত করব। তাকে নিয়ে খুব বেশি আয়োজন হয়েছে বলে মনে হয় না। তাকে ঘিরে একটি দিবস উদযাপন করা যেতে পারে, যেখানে নানা আয়োজনে তাকে স্মরণ করা হবে, পাশাপাশি তরুণ প্রজন্মের সামনে তার কাজকেও তুলে ধরা হবে।”

ব্রিটিশ শাসনামলের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেছার অবদান নিয়ে আলোকপাত করেন পিএনএফ ট্রাস্টের চেয়ারম্যান সাংসদ তাজুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, মানবাধিকারকর্মী অ্যারোমা দত্ত, ইতিহাসবিদ সোনিয়া নিশাত আমিন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন।

সেমিনারে নবাব ফয়জুন্নেসাকে নিয়ে নির্মিত ‘অন্ধকারে আলো’ শিরোনামে প্রামাণ্যচিত্র ও প্রবন্ধ উপস্থাপন করেন পিএনএফ ট্রাস্টের ফাউন্ডার ও সাংবাদিক সুপন রায়।

আয়েশা খানম বলেন, “নবাব হিসেবে নন, সমাজের দায়িত্বপ্রাপ্ত এক নাগরিক হিসেবে তিনি নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তারের পাশাপাশি নারীকে মানবসন্তান হিসেবে ব্যক্তিসত্তা বিকাশের পথ দেখিয়ে গেছেন ফয়জুন্নেসা। সেদিনের সেই স্বাধীনচেতা নারী ঘেরাটোপ ভেঙ্গে এসে নারীকে সিদ্ধান্ত নিতে পারার অসম সাহস যুগিয়েছিলেন।

“একবিংশ শতাব্দীতে এসে নারী জাগরণের পথে তিনি আমাদের অন্ধকারে আলো দেখান। এ শতাব্দীতেও তিনি ভীষণ প্রাসঙ্গিক। মানবিক সমাজ নির্মাণের পথে, অগ্রসরতার পথে তাকে গভীরভাবে পাঠ করার প্রয়োজনীয়তা রয়েছে।”

পরে আলতাফ হোসেন জানান, লাকসামে নবাব ফয়জুন্নেসার বসতভিটা ও জমিদারবাড়িটি এখন প্রায় বেদখল হওয়ার পথে, ভবনের অবস্থাও বেহাল। তবে তার বংশধরদের আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় জমিদারবাড়িটিকে প্রত্নসম্পদ হিসেবে অন্তর্ভুক্তির কাজ করছে। অন্তর্ভুক্তির পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ভবনের সংস্কার কাজ শুরু করবে।