তিন লাখ রিয়ালসহ মালয়েশিয়াফেরত যাত্রী গ্রেপ্তার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে আনা তিন লাখ সৌদি রিয়ালসহ মালয়েশিয়াফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলছেন, মো. সোবহান শেখ নামের ওই ব্যক্তি সোনা চোরাচালানে জড়িত।
গ্রেপ্তার সোবহানের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার মধ্যরাতে তিনি ঢাকায় পৌঁছান।
মইনুল খান বলেন, আগে থেকে খবর পাওয়ায় শুল্ক গোয়েন্দারা সোবহানের ওপর নজর রেখেছিলেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় চ্যালেঞ্জ করা হলে তিনি প্রথমে বিদেশি মুদ্রা বহনের বিষয়টি অস্বীকার করেন।
“পরে কাস্টমস হলে এনে জিজ্ঞাসাবাদের পর জুতা ও শরীর তল্লাশি করে ৩ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্যমান হয় ৭২ লাখ ৬২ হাজার টাকা।”
শুল্ক গোয়েন্দারা জানান, গত জানুয়ারি মাসে তিনবার এবং গত বছর সাতবার মালয়েশিয়া-ঢাকা রুটে যাতায়াত করেছেন সোবহান।
শুল্ক গোয়েন্দারা বলছেন, এর আগেও চারবার একইভাবে মুদ্রা নিয়ে গিয়ে বিদেশ থেকে সোনা এনে ঢাকার তাঁতীবাজারের দুজনের কাছে বিক্রি করার কথা সোবহান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে বলে মইনুল খান জানান।
