স্মৃতির দুয়ার খোলা এক বিকেল
তারুণ্যের স্মৃতি ঘেরা সেই প্রিয় মুখগুলো আবারও এলো কাছে, স্মৃতির ঝাঁপি খুলে প্রাণোচ্ছ্বল আড্ডা-খুনসুটিতে কাটল ‘সারা বছরের অপেক্ষার’ কয়েকটা ঘণ্টা।
ব্যস্ত নাগরিক জীবনের ফাঁকে পুরনো সহপাঠীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির (ইডাস) আয়োজনে টিএসসির সবুজ চত্বরে জড়ো হয়েছিলেন কয়েকশ সাবেক শিক্ষার্থী।
এ মিলনমেলায় পঞ্চাশের দশকের ছাত্র অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যেমন ছিলেন, তেমনি আনন্দময় পদচারণায় টিএসসি মুখর করে তোলেন সদ্য পাস করা তরুণ-তরুণীরা।
বন্ধুরা মিলে সেলফি তোলা
পুনর্মিলনীতে হেদায়েত উল্লাহ আল মামুন, বেনজীর আহমেদ, ওয়াজির সাত্তার, রুবিনা খান, তৌফিক ইমরোজ খালিদী, রাশেদা কে চৌধুরীসহ অন্যরা
ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীতে এ রকম টেবিলে টেবিলে জমে ওঠে আড্ডা
বিকাল ৫টার পরে সেখানে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুদিন আগে ৮৫ বছর পূর্ণ করা মুহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় ইডাসের পক্ষ থেকে।
মুহিত বলেন, “আমি তো ভেবেছিলাম মিস করব। কিন্তু শেষ মুহূর্তে হলেও চলে এলাম। এসে আমি খুবই সন্তুষ্ট।”
বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মাতোয়ারা
‘এই বন্ধু কী খবর, কেমন আছিস? এদিকে আয়’, ‘সেই ’৭১ সালে দেশের রাজনীতির কী হাল ছিল, আর এখন দেখ কী অবস্থা!-জোরে জোরে এমন কথা ভেসে আসছিল একদিক থেকে। সেখানে গিয়ে দেখা যায় ৬৫-৬৮ বছর বয়সী একদল মানুষ, তবে তখনকার আচরণে তারা ‘তরুণ’।
বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার
গোলাম আরশাদ বলেন, “আমরাই হচ্ছি স্বাধীনতার পরবর্তী প্রথম ব্যাচ। এক বছর পড়াশুনাও বন্ধ রাখতে হয় আমাদের। আজ এখানে এসে অনেককেই পাচ্ছি, যেন স্মৃতির দুয়ার খুলে গেল। আমরাও বেশ আবেগী হয়ে পড়েছি।”
তার কথায় সায় দেন সতীর্থ এফ এ এম খোরশেদ।
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকা আফরো ১৯৮৪ ব্যাচের। তার সঙ্গে ছিলেন লুৎফুর রহমান। দুজনেই জানালেন, পুনর্মিলনী তাদের সব বন্ধুদের সঙ্গে আড্ডা-স্মৃতি বিনিময়ের এক মঞ্চ।
১৯৭৬ সালে স্নাতকোত্তর শেষ করা আলী কবির বলেন, অনেক দিন পর আসা। সবাইকে পেয়ে সেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ছে। এই বিশ্ববিদ্যালয়, এ প্রাঙ্গণ, ডিপার্টমেন্ট-সবই যেন সেই একই রকম রয়ে গেছে।
স্ত্রীকে নিয়ে পুনর্মিলনীতে এসেছিলেন ডাকসুর সাবেক জিএস ও জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু
৬৬ ব্যাচে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া অধ্যাপক সদরুল আমিন বলেন, “আমি এখানেই থাকি। সবাইকে পেয়ে বেশ ভালো লাগছে।”
অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, “প্রতিবার আসি, এবারও এলাম। দেখি সবাইকে খুঁজে নেব, সবার সঙ্গে বসে আড্ডা দেব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনীতে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
“আমরা আসি, সবার সঙ্গে সময় কাটানো এনজয় করি,” বলেন তিনি। এ পুলিশ কর্মকর্তাকে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।
মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ ও হেদায়েত উল্লাহ আল মামুনকে দেখা যায় গল্প করতে।
“আমরা তো এই দিনটির অপেক্ষায় থাকি। এ আনন্দ, মিলনমেলা সবার কাছে আনন্দময়,” বলেন হেদায়েত উল্লাহ আল মামুন।
৬৭ ব্যাচের ছাত্র আনিসুর রহমান জানান, শরীরের অবস্থা ভালো না। তবুও অন্যদের সময় দিতে কষ্ট করে এ দিনে টিএসসির সবুজ মাঠে চলে আসেন।
১৯৫৭ ব্যাচের ছাত্র আতাউল হক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। তিনি বলেন, “এটা তো সুন্দর সুযোগ। আমার বন্ধুদের কাউকে এখনও দেখছি না। অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছি।”
একরাম কবির বলেন, “আমরাও খুব স্মৃতি কাতর হই এই দিনে। টিএসসি থেকে বিভাগের সামনে এই অনুষ্ঠান করাই ভালো হবে।”
কত দিন পর দেখা! সেই স্মৃতি ধরে রাখতে একসঙ্গে ছবি তোলা-পুনর্মিলনীতে অনেক দলকেই এভাবে ফ্রেমবন্দি হতে দেখা যায়
বেলা গড়ালেও টেবিলের আড্ডা যেন শেষ হতে চায় না। গোলাম আরশাদ, সোলাইমান, শহীদ হোসাইন, কামরুল রাব্বানীসহ অন্তত জনা দশেক মেতে উঠেন নানা খুনসুটিতে। তারা সমস্বরেই বলেন, এ স্মৃতি থাকুক অমলিন, স্মৃতি অম্লান।
১৯৫১ সালের বিশ্ববিদ্যালয়ের স্মৃতি এখনও স্পষ্ট মনে আছে মুহিতের; ৬৬ বছর আগে ইংরেজি বিভাগে ভর্তির ইতিহাস তুলে ধরেন তিনি।
অধ্যাপক আবু হেনা মুহিতকে ইংরেজি বিভাগে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। জ্ঞান অর্জনে উৎসাহ যোগানোয় অধ্যাপক আখলাকুর রহমানকে স্মরণ করেন তিনি।
আড্ডায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অনুষ্ঠানে তিনিই ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ
সে সময় আখলাকুর রহমান তাকে জ্ঞানের রাজ্যে বিচরণের পরামর্শ দেন বলে জানান মুহিত।
নতুনদেরও বই পড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে কে কী সাবজেক্ট পেল তা বড় কথা নয়, তাতে কিছু আসে যায় না। যে কোনো একটা সাবজেক্টে পড়লেই হয়। কী শেখা হল, কী জ্ঞান অর্জন হল এটাই বড় কথা। বিশ্ববিদ্যালয় হল জ্ঞান অর্জনের একটা জায়গা, এটা জ্ঞানের প্রবেশাধিকার। এ জ্ঞানের মধ্যে বিচরণ করতে দাও।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির পুনর্মিলনী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
এবারের পুনর্মিলনীতে সর্বোচ্চ সংখ্যক সদস্য নিবন্ধিত হওয়ার খবর জানান বিদায়ী সাধারণ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
সার্বিক আয়োজনে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৮৬ সাল থেকে ইডাসের উদ্যোগে নিয়মিত এই পুনর্মিলনী হচ্ছে। কোনো বিভাগের পুনর্মিলনী টানা ৩২ বছর ধরে নিয়মিত থাকা একটা রেকর্ড।
ইডাসের নতুন কমিটি আগামীতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান তৌফিক ইমরোজ খালিদী।
ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
বিভাগের সাবেক অসুস্থ শিক্ষার্থীর কৃতজ্ঞতা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, সঙ্গীত আয়োজন, র্যাফেল ড্র চলে রাত ৮টা পর্যন্ত। র্যাফেল ড্রর প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এডিএনের পক্ষ থেকে। পুরো অনুষ্ঠান চলাকালে শীতের পিঠাপুলির আয়োজনও থাকে সমানতালে।
বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে ২০১৮ সালের জন্য নতুন কমিটি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটি
অনুষ্ঠানের ইতি টেনে রাশেদা কে চৌধুরী বলেন, “আমাদের ভাষায় কোনো ‘গুডবাই’ নাই। আমরা বলি, আসি আবার দেখা হবে।”
