ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির নতুন কমিটি
বার্ষিক পুনর্মিলনীতে বরাবরের মতোই নতুন কমিটি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস)।
সভাপতি পদে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী থাকছেন; তার সঙ্গে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন।
মামুন এই পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্থলাভিষিক্ত হলেন। তিনি টানা ছয় মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠানে শেষ পর্যায়ে ২১ সদস্যের নতুন কমিটির ঘোষণা দেন এই নির্বাচনের কমিশনার ওয়াজির সাত্তার।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন সৈয়দ সাদাকাত হোসেন ও অধ্যাপক মোবাশ্বেরা খাতুন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান।
পদাধিকার বলে বিভাগীয় প্রধান অধ্যাপক রুবিনা খান কোষাধ্যক্ষ হিসেবে থাকছেন।
কমিটিতে সদস্য পদে রয়েছেন- অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়, এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, অধ্যাপক নেভিন ফরিদা, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কবি গুলতেকিন খান, অধ্যাপক আব্দুর রাজ্জাক মিয়া, ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা সামিনা আমিন, ব্যবসায়ী শাহীনুল হুদা জুয়েল, আয়কর কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুস সামাদ আল আজাদ, উদ্যোক্তা হুমায়রা চৌধুরী, তরুণ কর্পোরেট নির্বাহী আকিব জাভেদ, ফাহিম দাদ খান ও সৈয়দ নাকিব সাদী।
রাশেদা কে চৌধুরী তার বক্তব্যে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে নতুন কমিটিতে ‘মিস’ করার কথা বলেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে তার দক্ষতার কথাও বলেন তিনি।
তৌফিক ইমরোজ খালিদীকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি। বিদায়ী সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ জানান।
‘গাইড ও ফিলোসফার’ হিসেবে সাবেক সভাপতি ওয়াজির সাত্তারের কথাও বলেন রাশেদা চৌধুরী।
তিনি বলেন, “আমাদের ভাষায় কোনো ‘গুডবাই’ নাই। আমরা বলি, আসি আবার দেখা হবে। আমরা সামনে তাকাতে চাই। তবে গাইডেন্সের জন্য পেছনেও তাকাতে চাই।”
এর আগে প্রাণোচ্ছ্বল পুনর্মিলনী অনুষ্ঠানে আড্ডায় মেতে উঠেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ ইংরেজি বিভাগের সাবেক ছাত্ররা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ ইংরেজির প্রায় শতবর্ষের পথচলার মধ্যে ১৯৮৬ সালের ডিসেম্বরে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হয় ইডাস। এরপর সংগঠনটির আয়োজনে প্রতি বছরই জানুয়ারিতে পুনর্মিলনী হচ্ছে।
