২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের অনশন একাদশ দিনে

নন-এমপিওদের দাবি পূরণে সরকার আশ্বাস দেওয়ার পর জাতীয়করণের দাবিতে অনশনে বসে একাদশ দিন পার করল এমপিওভুক্ত শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 10:00 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

জাতীয় প্রেস ক্লাবে এই অনশন কর্মসূচিতে সারাদেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিচ্ছেন। তাদের দাবি, সরকারি-বেসরকারি ‘শিক্ষা বৈষম্য’ দূর করতে তাদের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করতে হবে।

অনশনরতদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত দেড় শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন কর্মসূচি ডাকা বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের আহ্বায়ক মো. আব্দুল খালেক।

সরকারের মেয়াদের শেষ বছরের শুরুতে শিক্ষকদের বিভিন্ন সংগঠন নিজেদের দাবি আদায়ে আন্দোলন শুরু করেছে।

নন-এমপিও শিক্ষকরা বেশ কিছুদিন অনশন চালিয়ে যাওয়ার পর তাদের দাবি পূরণের আশ্বাস দেয় সরকার। মাদ্রাসা শিক্ষকরাও অনশন চালাচ্ছে। 

এর মধ্যে গত ১০ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি শুরু করে এমপিওভুক্ত শিক্ষকরা। ১৫ জানুয়ারি থেকে তারা ‘আমরণ অনশন’ শুর করে।

এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠনের নেতাদের সঙ্গেও শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর কয়েক দফা বৈঠক হয়েছে।

খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি পূরণের সুনির্দিষ্ট ঘোষণার অপেক্ষায় আছি। বিকালে শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে উনাদের যোগাযোগ চলছে, রাতের মধ্যেই সেই সিদ্ধান্ত জানানো হবে।”

এদিকে গত মঙ্গলবার থেকে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের ধর্মঘট পালন করেছে শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম।

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান এই ধর্মঘট পালন করেছে বলে দাবি করেন ফোরামের আহ্বায়ক আব্দুল খালেক।

তিনি বলেন, “আমাদের দাবি আদায়ের সমর্থনে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেছি। পরবর্তীতে অনশনের পাশাপাশি অন্য কোনো কর্মসূচি সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শুক্রবারের মধ্যে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না এলে শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ ও ২৮ জানুয়ারি আবারও দুই দিনের ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।

খালেক বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং বৈষম্য দূর করতে জাতীয়করণের বিকল্প নেই। এর জন্য সরকারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো নির্ধারণে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করতে হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ও রিজার্ভ অর্থ সরকারি কোষাগারে জমা করা হলে ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত শিক্ষা জাতীয়করণে সরকারের কোষাগার থেকে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন নেই বলে মনে করেন শিক্ষক নেতা আব্দুল খালেক।

সরকারি শিক্ষক-কর্মচারী ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার মধ্যে ১৩টি সুনির্দিষ্ট ‘বৈষম্যের’ কথা জানিয়েছেন জাতীয়করণ লিয়াঁজো ফোরামের যুগ্ম মহাসচিব রেহান উদ্দিন।

তিনি বলেন, “সরকারের এসডিজি বাস্তবায়ন ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ছাড়া ফলপ্রসূ হবে না। এছাড়া শিক্ষা জাতীয়করণ হলে গরিব মানুষের সন্তানরা সমমানের শিক্ষার সুযোগ পাবে এবং শিক্ষা ব্যয় কমবে।”

শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম।

ফোরামের তথ্য অনুযায়ী, দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৯ হাজার ২৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪ হাজার ৭টি কলেজ, ৯ হাজার ৩৪১টি মাদ্রাসা ও ৫ হাজার ৮৯৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫ লাখ ২২ হাজার ৬৭৭ জন শিক্ষক ও ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী রয়েছেন।

পুরনো খবর:

এমপিও: প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষকরা