রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব ইসির: আইনমন্ত্রী
দুদিন আগে রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য দিন ১৯ ফেব্রুয়ারির কথা বললেও এবার সে অবস্থান থেকে সরে এসে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ ঘনিয়ে আসায় নতুন নির্বাচন আয়োজনে ইসির তোড়জোড়ের মধ্যে গত সোমবার আনিসুল হক বলেছিলেন, ১৯ ফেব্রুয়ারি এই নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে তিনি জানতে পেরেছেন।
তার ওই বক্তব্যের পর ইসি চুপসে যায়; একজন নির্বাচন কমিশনার আইনমন্ত্রীর তারিখ প্রকাশের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন।
বুধবার জ্যেষ্ঠ সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩৮তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী।
তিনি বলেন, “নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদপূর্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মাঝখানের ৩০ দিনের মধ্যে নির্বাচন করা ম্যান্ডেটরি (বাধ্যতামূলক)।
“সেক্ষেত্রে ২৩ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে। আমার বিশ্বাস, নির্বাচন কমিশন এ বিষয়ে ওয়াকিবহাল। তারা খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন।”
২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসোবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের নব্বই থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে; এই ভোটগ্রহণ সংসদেই হয়। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
সিইসি বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তারা, ভোটগ্রহণ হবে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো এক দিন।
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, “এটা দলের নীতি-নির্ধারকরা মনোনয়ন দেবেন। একটা নমিনেশন বোর্ড আছে। আমি সেই নমিনেশন বোর্ডের সদস্য নই। মাননীয় প্রধানমন্ত্রী সেই নমিনেশন বোর্ডের সভাপতি।”
রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, প্রধান বিচারপতির পদও খালি, সরকার কোন বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে- এক সাংবাদিকের প্রশ্নে আনিসুল হক বলেন, “সব নিয়োগ হবে। রাষ্ট্রপতি খুব শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির এখতিয়র।”
প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। প্রায় চার মাস গড়ালেও এখনও নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি।
