শিল্পকলায় জাতীয় পিঠা উৎসব শুরু
নানা স্বাদের আর পদের পিঠার সমাহার নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে নয় দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব।
মঙ্গলবার বিকালে উৎসবের উদ্বোধন করা হয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উৎসব উদ্বোধনের কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
পরে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নৃত্যশিল্পী আমানুল হক এবং সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর উপস্থিতিতে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদ যৌথভাবে পিঠা উৎসবে আয়োজন করেছে।
৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে উৎসবের দুয়ার।
একক সংগীত পরিবেশন করেন সফিউল আলম রাজা, নাবিয়া মিতুল, সনৎ কুমার বিশ্বাস লাভলী শেখ, সরদার হীরক রাজা, রেহানা আক্তার জ্যোতি, শাহনাজ বাবু, জানে আলম। সমবেত সংগীত পরিবেশন করে গানের দল ভাওয়াইয়া। একক আবৃত্তি পরিবেশন করেন মো. আহ্কামউল্লাহ ও নায়লা তারাননুম কাকলী।
