২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত শিশুর লাশ উদ্ধারের পরদিন জানল তদন্তকারী পুলিশ

রাজধানীর পূর্ব গোড়ানের এক রিকশা গ্যারেজ মালিকের স্কুলপড়ুয়া ছেলে অপহৃত হওয়ার পর তার সন্ধান বের করতে তদন্ত করছিল খিলগাঁও থানা পুলিশ, সোমবার পাশের থানা এলাকায় ওই শিশুর লাশ উদ্ধারের পরদিন বিষয়টি জানতে পেরেছেন তারা।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 08:27 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সোমবার দুপুরে বাড্ডা থানার আফতাবনগর এলাকার ঝিল থেকে যে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই পূর্ব গোড়ানের গ্যারেজ মালিক মোফাজ্জল হোসেনের ছেলে মো. জিসান (১৩) হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাওয়াত খেতে যাওয়ার কথা বলে গত শুক্রবার দুপুরে জিসান বাসা থেকে বেরিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি।

পরদিন তার বাবা থানায় এসে একটি জিডি করেন। নিখোঁজ হওয়ার দিনই জিসানের মোবাইল থেকে তার বাবার মোবাইলে ফোন করে ১৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জিডির বরাত দিয়ে জানান ওসি।

খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “জিসানের মোবাইল থেকে ফোন করে মুক্তিপণ চেয়ে আবার বন্ধ করে দেয়।

“আমরা এই কিশোরকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করছিলাম। শুক্রবার সর্বশেষ তার অবস্থান ছিল খিলগাঁও চৌরাস্তায়।”

জিসান স্থানীয় ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। দুই ভাই-দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। তার বাবার রিকশা গ্যারেজের আয় দিয়ে তাদের সংসার চলত বলে খিলগাঁও থানার ওসির ভাষ্য।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে ঝিলে এক কিশোরের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। লাশের শরীর ইট দিয়ে বাঁধা ছিল।

পাশের থানা এলাকায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধারের কথা শুনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের মর্গে যায় খিলগাঁও থানা পুলিশের সদস্যরা।

সন্ধ্যার পর ওসি মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিসানের বাবা তার ছেলের যে বর্ণনা দিয়েছে সেটা লাশের বর্ণনার সাথে মিলে যাচ্ছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে লাল পাঞ্জাবি ও জিন্সের প্যান্ট ছিল। লাশের শরীরে তাই আছে। আর বয়সও যা বলা হয়েছে, মৃতদেহের বয়সও তাই।”

পরে রাত সাড়ে ৮টার দিকে মর্গে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন মোফাজ্জল হোসেন।