২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরভিএস আন্তর্জাতিক সম্মেলন শুরু

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ, বিয়ে, তালাক, দত্তক, ঠিকানা বদল এবং শিক্ষার তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষণের সিআরভিএস ব্যবস্থা চালু করা গেলে জনগণকে সেবা দেওয়া আরও সহজ হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 07:04 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

ওই সেবা চালুর আগে অভিজ্ঞতা বিনিময়ের জন্য মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সিআরভিএস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ, বিবাহ, তালাক ও দত্তক- এই ছয়টি বিষয়ের তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষণ করে সেই পরিসংখ্যানের ভিত্তিতে সেবা দেওয়াকে বলা হয় সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস- সিআরভিএস।

জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ, বিয়ে, তালাক, দত্তক, ঠিকানা বদল এবং শিক্ষার তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষণে একটি নতুন সেবা শুরু করতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ এর সঙ্গে জনগণের ঠিকানা বদল (ইন্টারনাল মাইগ্রেশন) এবং শিক্ষার তথ্য অন্তর্ভুক্ত করে ‘সিআরভিএস অ্যান্ড বিয়ন্ড’ নামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে যুক্ত হতে চাইছে।

সেই সেবা শুরুর আগে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আয়োজিত তিন দিনের সিআরভিএস সম্মেলনে ১৭টি দেশের ২৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে প্রায় ১২ কোটি মানুষকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়া হয়েছে। যাদের এনআইডি নেই, অর্থাৎ বাকি ৪ কোটি মানুষকে এ সেবার আওতায় নিয়ে আসতেও উদ্যেগে নিতে হবে।

‘সিআরভিএস অ্যান্ড বিয়ন্ড’ একটি সমন্বিত প্ল্যাটফর্ম হবে জানিয়ে তিনি বলেন, “সবাই এখানে লিস্টেড হবে, এর ফলে তাদের ছয় ধরনের তথ্য পাওয়া সহজ হবে। তাতে জনগণেরও সুবিধা হবে, তাদেরকে সেবা দেওয়া আরও সহজ হবে।”

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, নতুন এই সেবা চালু করা গেলে ‘রিয়েল টাইম’ তথ্য-উপাত্ত নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়া আরও সহজ ও যথাযথ হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলমসহ ঊর্ধবতন কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

১০ ডিজেটের একটি আইডি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকের জীবনপ্রবাহের উল্লেখযোগ্য ঘটনাগুলোর তথ্য-উপাত্ত সংরক্ষণ এবং এর ভিত্তিতে সরকারের সব সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিআরভিএস-এর সূত্রপাত হয়।

‘গেট এভরিওয়ান ইন দ্য পিকচার’ ধারণা বাস্তবায়নের অংশ হিসেবে নাগরিকদের ওইসব তথ্যের ভিত্তিতে হালনাগাদ পরিসংখ্যান তৈরি করার নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াই হল সিআরভিএস।

পুরনো খবর:

জন্ম মৃত্যু বিয়ের তথ্য সংরক্ষণে নতুন সেবার পরিকল্পনা