২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্ম মৃত্যু বিয়ের তথ্য সংরক্ষণে নতুন সেবার পরিকল্পনা

জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ, বিয়ে, তালাক, দত্তক, ঠিকানা বদল এবং শিক্ষার তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষণে একটি নতুন সেবা শুরু করতে চায় বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 08:12 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

এই সেবা শুরুর আগে অভিজ্ঞতা বিনিময়ের জন্য মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে তিন দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন; যাতে ১৭টি দেশের ২৭ জন প্রতিনিধি অংশ নেবেন।

কর্মকর্তারা আশা করছেন, নতুন ধরনের এই সেবা চালু করা গেলে ‘রিয়েল টাইম’ তথ্য-উপাত্ত নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়া আরও সহজ ও যথাযথ হবে।

জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ, বিবাহ, তালাক ও দত্তক- এই ছয়টি বিষয়ের তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষণ করে সেই পরিসংখ্যানের ভিত্তিতে সেবা দেওয়াকে বলা হয় সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস- সিআরভিএস।

বাংলাদেশ এর সঙ্গে জনগণের ঠিকানা বদল (ইন্টারনাল মাইগ্রেশন) এবং শিক্ষার তথ্য অন্তর্ভুক্ত করে ‘সিআরভিএস অ্যান্ড বিয়ন্ড’ নামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে যুক্ত হতে চাইছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সিআরভিএস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন।

“সম্মেলনে বাংলাদেশ নিজেদের অবস্থানটা তুলে ধরবে। অন্যান্য দেশের অভিজ্ঞতা জানবে।”

‘সিআরভিএস অ্যান্ড বিয়ন্ড’ এর অংশ হিসেবে জন্ম, মৃত্যু এবং মৃত্যুর কারণ নিবন্ধন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলাকে মডেল হিসেবে ধরে ২০১৬ সালের এপ্রিল মাসে কার্যক্রম শুরু করেছিল সরকার।

সম্মেলনে অন্য দেশের অভিজ্ঞতা জেনে নিয়ে বাংলাদেশের মডেলটি আরও উন্নত করার চেষ্টা করা হবে বলে জানান জিয়াউল আলম।

“আমরা যদি সিভিল রেজিস্ট্রেশনটা শক্তিশালী করতে না পারি তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ যথাযথ হবে না।… আমরা যেন তাৎক্ষণিকভাবে রিয়েল টাইম ডেটা পেতে পারি, সেই অবস্থান তৈরি করতে যাচ্ছি।”

কর্মকর্তারা বলছেন, ১০ ডিজেটের একটি আইডি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকের জীবনপ্রবাহের উল্লেখযোগ্য ঘটনাগুলোর তথ্য-উপাত্ত সংরক্ষণ এবং এর ভিত্তিতে সরকারের সব সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিআরভিএস-এর সূত্রপাত হয়।

‘গেট এভরিওয়ান ইন দ্য পিকচার’ ধারণা বাস্তবায়নের অংশ হিসেবে নাগরিকদের ওইসব তথ্যের ভিত্তিতে হালনাগাদ পরিসংখ্যান তৈরি করার নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াই হল সিআরভিএস।