২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার তিন পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ হাই কোর্টের

সাতক্ষীরার কুখরালীর শেখ মোখলেছুর রহমান জনির নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি না নেওয়া এবং কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 01:36 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

এই তিন পুলিশ সদস্য হলেন- সদর থানার সাবেক ওসি মো. এমদাদুল হক শেখ, বর্তমান ওসি ফিরোজ হোসেন মোল্লা ও উপপরিদর্শক এসআই হিমেল হোসেন।

আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) করা তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর  হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

আদেশে বলা হয়, নিখোঁজ জনির স্ত্রী জেসমিন নাহার এ ঘটনায় থানায় জিডি করতে চাইলে পুলিশকে তা নিতে হবে। এ ঘটনায় তিনি আদালতে নালিশি মামলাও করতে পারবেন। 

রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। জনির পরিবারকে আইনি সহায়তা দানকারী আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ছিলেন সাগুফতা তাবাসসুম।

হাই কোর্টের এ আদালতের আইন কর্মকর্তা গত রোববার পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

সেখানে বলা হয়, “সাতক্ষীরার কুখরালীর শেখ মোখলেছুর রহমান জনির সন্ধান বের করতে না পারা এবং তার নিখোঁজ হওয়ার বিষয়ে মামলা বা জিডি না নেওয়ার মাধ্যমে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে চরম অদক্ষতা ও অবহেলার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

“আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করলে সংশ্লিষ্ট বাহিনীর দায়িত্ব যথাসময়ে তাকে আদালতে উপস্থাপন করা। আর কোনো অপরাধী চক্রের কারণে কেউ নিখোঁজ হলে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব থাকে আরও বেশি। ভিকটিম ও অপরাধী চক্র উভয়কে খুঁজে বের করে আদালতে হাজির করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। নিখোঁজ হওয়ার অভিযোগ অস্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না।”

তবে ২০১৬ সালের ৪ থেকে ৮ অগাস্ট পর্যন্ত জনি নামের কোনো ব্যক্তিকে সাতক্ষীরা থানায় গ্রেপ্তার বা আটক রাখা কিংবা  নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য বা সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয় পিবিআইয়ের প্রতিবেদনে।

জনি নিখোঁজ হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িত, নাকি আইন-শৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে কোনো অপরাধী চক্র এ ঘটনা ঘটিয়েছে- তাও নিশ্চিত করতে পারেনি পিবিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, “সদর থানার তৎকালীন ওসি মো. এমদাদুল হক শেখের পর বর্তমান ওসি ফিরোজ হোসেন মোল্লা তার সময়কালে অভিযোগের বিষয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করায় নিখোঁজ জনির প্রকৃত অবস্থান জানার সুযোগ নষ্ট হয়েছে।”

নিখোঁজ জনির অবস্থানসহ পুরো ঘটনা পিবিআইর মাধ্যমে তদন্ত করতে গত বছরের ১৬ জুলাই নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে আদালতে প্রতিবদেন দাখিল করতে বলা হয়েছিল।

এর ধারাবাহিকতায় গত রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রতিবেদনটি আদালতে দাখিল করলে মঙ্গলবার এর উপর শুনানি হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের দিন রেখেছে আদালত।

ডিএজি তাপস পরে সাংবাদিকদের বলেন, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অংশে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

নিখোঁজ জনির স্ত্রী জেসমিন নাহারের অভিযোগ, ২০১৬ সালের ৪ অগাস্ট রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে তার স্বামীকে আটক করেন সাতক্ষীরা সদর থানার এসআই হিমেল হোসেন। ওই রাতে তাদের বাড়িতেও তল্লাশি চালায় সদর থানা পুলিশ।

জেসমিন  বলছেন, ৫, ৬ ও ৭ অগাস্ট থানায় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে তিনি খাবারও দিয়ে এসেছেন। কিন্তু ৮ অগাস্ট থানায় গেলে তাকে বলা হয়, জনি নামে কেউ থানায় নেই।

পরে স্বামীর খোঁজ না পেয়ে জেসমিন গত বছরের ২ মার্চ হাই কোর্টে এই রিট (হেবিয়াস করপাস) আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৬ মার্চ হাই কোর্ট রুল জারির পাশাপাশি নিখোঁজ ব্যক্তির বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের ব্যাখ্যা চায়।

সাতক্ষীরা পুলিশের ব্যাখ্যায় বলা হয়, মোখলেছুর রহমান জনি নামের কাউকে পুলিশ গ্রেপ্তার করেনি।  তখন আদালত এ ঘটনার তদন্ত করে পুলিশ প্রধানকে প্রতিবেদন দিতে বলে।

ওই প্রতিবেদনে একই কথা বলা হলে আদালত বিচারিক তদন্তের নির্দেশ দেয়। সে অনুযায়ী সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুল্লাহ মাহমুদ ঘটনার তদন্ত করে হাই কোর্টে প্রতিবেদন দাখিল করেন।

সেখানে বলা হয়, “পুলিশ কর্তৃক জনিকে গ্রেপ্তার ও তিনদিন পর্যন্ত থানায় আটকে রেখে পরবর্তীকালে অস্বীকারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।”

কিন্তু পুলিশ ও বিচারিক তদন্তে নিখোঁজ মোখলেছুরের সন্ধান বের না হওয়ায় আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।

সে অনুযায়ী পিবিআইয়ের (খুলনা বিভাগ) বিশেষ পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে প্রধান করে একটি কমিটি করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার, সদর থানার ওসিসহ ৩৫ জনের বক্তব্য শোনে ওই কমিটি।

সেই প্রতিবেদন মঙ্গলবার আদালতে উপস্থাপনের পর শুনানি শেষে আদেশ দিল হাই কোর্ট।

পুরনো খবর:

‘নিখোঁজের অভিযোগ অস্বীকার করে পুলিশ দায় এড়াতে পারে না’