২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি: ওয়াসার সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগপত্রে দুদকের অনুমোদন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 03:57 PM

Updated : 08 Apr 2022, 05:44 PM

সোমবার কমিশন থেকে অভিযোগপত্র আদালতে দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসামি ফরিদ আহমেদের বিরুদ্ধে ২০১৬ সলের ৭ ডিসেম্বর রমনা থানায় মামলা দায়ের করে দুদক।

মামলা দায়েরের দিনই আসামিকে রাজধানীর মিরপুরের পীরেরবাগ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মামলাটি তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী ফরিদ আহমেদ দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ৭৫ লাখ ১৮ হাজার ৩২৯ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি দুই লাখ ৫২ হাজার ৫৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।