আইনজীবীদের বই পড়ার পরামর্শ বিচারপতি ওয়াহহাব মিঞার
আইনজীবীদের বই পড়ার পরামর্শ দিয়েছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
তিনি বলেছেন, “ইউ মাস্ট লার্ন। যেমন যুদ্ধক্ষেত্রে ঢাল না থাকলে বলা হয় নিধিরাম সর্দার, উইদাউট বুক, উইদাউট নলেজ, আইনজীবীরাও তেমন।”
মামলার শুনানিতে আইনজীবীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “পুরানা পল্টনের বক্তৃতার মতো নয়, আইনের সারমর্ম, ব্যাখ্যা সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করতে হবে।”
রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সপ্তাহব্যাপী ‘বইমেলা’ উদ্বোধনের আগে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বিচারপতি ওয়াহহাব মিঞা বলেন, “আজকে যখন আমরা মামলা শুনি, অনেক ল’ইয়ার যখন কোর্টে আর্গুমেন্ট করতে যান বই ছাড়া, যখন জিজ্ঞাসা করি বই কোথায়? তখন এদিকে তাকায় ওদিকে তাকায়। খুবই দুর্ভাগ্যজনক।”
সমৃদ্ধ রায় পেতে হলে আইনজীবীদের আইনি দক্ষতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “বার (আইনজীবী সমিতি) যদি সমৃদ্ধ হয়, তাহলে বেঞ্চ (আদালত) সমৃদ্ধ হয়। বার দুর্বল হলে বেঞ্চও দুর্বল হয়। কারণ জজ সাহেবকে দক্ষ করবে কে? দ্য লইয়ার্স।”
বই কেনা ও পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে আইনজীবীদের উদ্দেশে ওয়াহহাব মিঞা বলেন, “শুধু বইমেলা করলে হবে না। বই কিনতে হবে। বিচারপতি ইমান আলী ফ্রি বই দিয়েছেন। শুধু ওগুলো নিবেন না। পাশাপাশি পয়সা দিয়েও কিনবেন। টাকা দিয়ে কিনলে দরদ বেশি হবে, পড়তেও ইচ্ছে করবে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় সভায় সুপ্রিম কোর্টের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী বইমেলায় ৪২টি স্টল রয়েছে।
