কুয়াশার সঙ্গে উত্তুরী হাওয়ার কারণে বেশি শীত
মাঝারি শৈত্যপ্রবাহ বইলেও শীতের তীব্রতা না কাটার জন্য কুয়াশার সঙ্গে উত্তুরী হাওয়াকে কারণ দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পৌষের শেষ দিকে তীব্র শৈত্য প্রবাহ শুরু হওয়ার পর সারা বাংলাদেশেই তাপমাত্রা নেমে যায়; পঞ্চগড়েরর তেঁতুলিয়ায় রেকর্ড পরিমাণ ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা।
এরপর শৈত্য প্রবাহের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে তাপমাত্রার উন্নতির আভাস আবহাওয়া বিভাগ থেকে দেওয়া হলেও শীতের অনুভূতি কমছে না।
এই বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ মিজানুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিনভর মাঝারি থেকে ভারি কুয়াশা ছিল, তাই তাপমাত্রা বাড়েনি। সেই সঙ্গে উত্তরী হাওয়ার পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের তীব্রতাও বেশি অনুভূত হয়েছে।”
আবহাওয়াবিদ মিজান বলেন, সোমবারও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকত পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
মাঘ মাসের শুরুর দিন রোববার সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, মাদারীপুর, ও গোপালগঞ্জ অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তীব্র শৈত্য প্রবাহ কাটিয়ে পরিস্থিতির উন্নতির আভাস আবহাওয়া বিভাগ দিলেও জানুয়ারিতে আরও শৈত্যপ্রবাহের আভাসও রয়েছে।
জানুয়ারির পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ এবং অন্যত্র ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
