সমুদ্র ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী
সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি ব্যয়বহুল হলেও এ লক্ষ্যে সমীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ক্ষমতাসীন দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সমুদ্রর ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, “সমুদ্র ঢেউ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি উন্নত বিশ্বের কিছু দেশে এখনও পর্যন্ত পরীক্ষাধীন পর্যায়ে আছে। এছাড়া সমুদ্রের ঢেউ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি ব্যয়বহুল ও বাণিজ্যিকভাবে টেকসই ও জনপ্রিয় নয়। সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সমীক্ষা করা হচ্ছে।”
বিদ্যুতের মূল্য বৃদ্ধি বিষয়ে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুতের দাম বৃদ্ধি/হ্রাসের বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারণ করে। কমিশনের মাধ্যমে যাচাই বাছাই শেষে গ্রাহকদের আর্থিক সক্ষমতা বিচার করে ডিসেম্বর ২০১৭ থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অহেতুক বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে গ্রাহকের কষ্ট দেওয়া সরকারের উদ্দেশ্য নয়।”
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ফাইল ছবি
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও ‘কিছু দিন’ অপেক্ষা করতে হবে।
“প্রতিনিয়তই বিদ্যুতের চাহিদা বাড়ছে। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৬০ হাজার মেগাওয়াট।”
এর আগে বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে মাথা পিছু বিদ্যুতের ব্যবহার মাত্র ৪৫০ কিলোওয়াট। সিঙ্গাপুরে এটা ১৭ হাজার কিলোওয়াট।
“বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে মাথাপিছু ২২০০ কিলোওয়াট ব্যবহারে যেতে হবে।”
আওয়ামী লীগের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাসের চাহিদার সাথে উৎপাদন সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বর্তমানে আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে এবং বিদ্যুৎ ও শিল্পখাতে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সরকার আবাসিক ও বাণিজ্যিক খাতে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে বিকল্প জ্বালানি (এলপিজি) সরবরাহের কার্যক্রম নিয়েছে।
প্রশ্নোত্তরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সারা দেশে অনলাইন পত্রিকার হালনাগাদ কোনো তালিকা সরকারের কাছে নেই। তবে অনলাইন পত্রিকা নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এখন পর্যন্ত নিবন্ধনের জন্য দুই হাজার ১৮টি আবেদন পাওয়া গেছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ফাইল ছবি
এখন দেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪৫ বলেও জানান তিনি।
দিগন্ত টিভি ও ইসলামিক টেলিভিশন সাময়িক স্থগিতের বিষয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “টেলিভিশন দুটির সম্প্রচার স্থগিত করে আমরা কারণ দর্শাতে বলেছিলাম। উত্তরে আমরা সন্তুষ্ট হইনি। আমরা পুরো বিষয়টি পরীক্ষা করে দেখছি। লাইসেন্স বাতিল করব কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।”
স্থগিতের কারণ সম্পর্কে তিনি বলেন, “কিছুদিন আগে হেফাজতে ইসলাম তথা তেঁতুল হুজুরের নেতৃত্বে যখন ঢাকা শহর এবং বাংলাদেশ দখল করার চ্ক্রান্ত চলছিল, ঢাকা শহরে আগুন লাগিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই সময় সরাসরি সম্প্রচারের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে এই দুটো টেলিভিশন উসকানি দিয়েছিল। অফিসের কার্যালয়ে বসে আমরা তা প্রত্যক্ষ করে তাৎক্ষণিকভাবে ওই উস্কানি বন্ধ ও দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণ করার জন্য বাধ্য হয়েছিলাম।
“এজন্য সেই দিনই সন্ধ্যার পরে তাদের সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করি। এখনও স্থগিতাবস্থায় রয়েছে। আমরা বিবেচনা করব, এটা স্থগিত থাকবে নাকি তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে।”
