হজে দুর্নীতি: ধর্মমন্ত্রীর পিএসসহ ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ
হজ ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ধর্মমন্ত্রীর একান্ত সচিব (পিএস) ও এপিএসসহ ধর্ম মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদকের উপ-পরিবচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচায্য জানিয়েছেন।
যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- ধর্মমন্ত্রীর পিএস আবুল কালাম আজাদ, এপিএস শফিকুর রহমান শফিক এবং ব্যক্তিগত কর্মকর্তা মাজহারুল ইসলাম ও আবু সাইদ।
দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
অভিযোগের বিষয়ে দুদক জানায়, ১৮টি হজ এজেন্সির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গত ৩১ অগাস্ট থেকে অনুসন্ধান শুরু করে দুদক। মাসুদুর রহমান এটি অনুসন্ধান করছেন।
১৮টি নতুন অভিযোগের সঙ্গে পুরাতন অভিযোগও অনুসন্ধান চলছে। ২০১৬ সালে হজে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে মোট ২২৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে মন্ত্রণালয়ে, যেগুলো পরবর্তীতে দুদকে পাঠানো হয়।
এসব এজেন্সির বিরুদ্ধে হাজিদের মানসম্মত ট্রলিব্যাগ না দেওয়া, ভিসা থাকার পরও হজে পাঠাতে টালবাহানা, সৌদি আরবে চুক্তিহীন বাড়িতে রাখা ও নিম্নমানের খাবার দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
