২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা: বন্ধ যে সড়ক, যেতে হবে যেখান দিয়ে

বিশ্ব ইজতেমায় তুরাগ তীরে লাখো মুসল্লির সমাবেশ উপলক্ষে বিমানবন্দর এলাকার সড়ক দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত হবে, এ সময় ওই রুট দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য বিকল্প পথ ঠিক করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 08:56 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ১৯ থেকে ২১ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা হবে।

এই ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে সমবেত হবেন।

বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজতেমার দুই পর্বের আখেরি মোনাজাতের দিন ১৪ ও ২১ জানুয়ারি বিমানের অপারেশন্স ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

আর বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় চারটি বড় আকারের মাইক্রোবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে ভোর ৪টা থেকে মোতায়েন থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সময়ে যে সড়ক দিয়ে গাড়ি চলবে

> আশুলিয়া থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

 > মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কভার্ডভ্যানসহ সব ধরনের যানবাহন মহাখালী ক্রসিংয়ে বাঁয়ে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

 > কাকলী, মিরপুর থেকে আসা যানবাহন বিমানবন্দরের দিকে না গিয়ে হোটেল রেডিসন গ্যাপ ও কুড়িল বিশ্বরোডে ইউটার্ন করে বা ফ্লাইওভার হয়ে প্রগতি সরণি দিয়ে চলাচল করবে।

> প্রগতি সরণি থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন বিশ্বরোড ক্রসিংয়ে ইউটার্ন করে বা ফ্লাইওভার দিয়ে কাকলি-মহাখালী রোড ও মিরপুর ফ্লাইওভার দিয়ে চলাচল করবে।

ইজতেমায় আগতদের গাড়ি পার্কিংয়ে নির্দেশনা

  • রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ হতে প্রগতি সরণী পর্যন্ত রাস্তা ও রাস্তার পার্শ্বে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
  • ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহন বিভাগ অনুযায়ী পার্কিং করা যাবে-

ক) চট্টগ্রাম বিভাগ পার্কিং: গাউসুল আজম এভিনিউ (১৩ নম্বর সেক্টর রোডের পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত হয়ে গরীবে নেওয়াজ রোড)।

খ) ঢাকা বিভাগ পার্কিং: সোনারগাঁও জনপথ চৌরাস্তা থেকে দিয়াবাড়ী খালপাড় পর্যন্ত।

গ) সিলেট বিভাগ পার্কিং: উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহমখদুম এভিনিউ।

ঘ) খুলনা বিভাগ পার্কিং: উত্তরা ১৬ ও ১৮ নম্বর সেক্টরের খালি জায়গা।

ঙ) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।

চ) বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

ছ) ঢাকা মহানগরী পার্কিং: উত্তরার শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক বা হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন, যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

ট্রাফিক সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য প্রয়োজনে জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (উত্তরা ট্রাফিক জোন ০১৭১৩-৩৯৮৪৯৮) অথবা টিআই (উত্তরা ট্রাফিক জোন ০১৭১১-৩৬৬৫৬১) নম্বরে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।