২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: বাংলাদেশে প্রতি ৭ জনের একজন স্থানচ্যুত হবে

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে প্রতি সাত জনের একজন স্থানচ্যুত হবে বলে জাতীয় সংসতে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 06:23 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

সংসদের বুধবারের অধিবেশনে সরকার দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের সর্বোচ্চ ঝুকিঁর সূচকে বাংলাদেশ ছয় নম্বরে রয়েছে।

তিনি জানান, বিগত ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা প্রায় ১৭ থেকে ২১ সেন্টিমিটার বেড়েছে। ২০৮১-২১০০ সময়ে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ২৬-৯৮ সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে।

জেনেভাভিত্তিক দ্য ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) প্রতিবেদনের কথা উল্লে­খ করে মন্ত্রী জানান, দুর্যোগের কারণে ২০০৮ ও ২০১৪ সালের মধ্যে বাংলাদেশের প্রায় চার  দশমিক সাত মিলিয়নেরও বেশি লোক স্থানচ্যুত হয়েছে।

অ্যাসেসমেন্ট অফ সি লেভেল রাইজ অন বাংলাদেশ কোস্ট থ্রু ট্রেন্ড অ্যানালাইসিস অনুযায়ী বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিবছর ২১ মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের বিস্তীর্ণ উপকূল এবং নিম্নাঞ্চলসহ প্রায় এক পঞ্চমাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে উপকূলীয় অঞ্চলের ১৯ জেলার ৭০ উপজেলার প্রায় চার কোটি লোক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জনগোষ্ঠীর বড় একটি অংশ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, সামাজিক বনায়নের আওতায় ১৯৮১-৮২ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ৮৪ হাজার ৩৭৮ হেক্টর এবং ৬৮ হাজার ৮৩০ কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে। সৃজিত বাগানে ছয় লাখ ৫২ হাজার ৯৫৫ জন উপকারভোগী সম্পৃক্ত রয়েছে।

সরকারদলীয় এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেন, রোহিঙ্গাদের আগমনে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য বান্দরবান, কক্সবাজারসহ পর্যটন শিল্পের উপর বিরূপ প্রভাব পড়েছে। এ বিষয়ে টুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ওই এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তাসহ নির্বিঘে চলাফেরার বিষয়ে তৎপর রয়েছে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৬ সালে বাংলাদেশে ভ্রমণকারীর সংখ্যা ছিল সাত লাখ ১৬ হাজার ৭২৮ জন।

গোলাম রাব্বানীর প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক জানান, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের ডিজিটাল তালিকা তৈরির কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে।