এখনো ‘শঙ্কামুক্ত নন’ কথাসাহিত্যিক শওকত আলী
ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন কথাসাহিত্যিক শওকত আলীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
চিকিৎসকরা সোমবার সন্ধ্যায় বলেছেন, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
সোমবার পরীক্ষামূলকভাবে কয়েক দফায় কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের যন্ত্র খুলে নেওয়া হলেও তাকে এখনো আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
শওকত আলীর বড় ছেলে চিকিৎসক আরিফ শওকত পল্লব সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের যন্ত্রটি খুলে নেওয়ার পর নিজে থেকে দু-একবার শ্বাসপ্রশ্বাস নিয়েছিলেন তার বাবা। কিন্তু এখনো পুরোপুরি খুলে দেওয়া হয়নি শ্বাসপ্রশ্বাসের যন্ত্রটি। এখনো তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
“আশা করা যাচ্ছে, আগামীকাল বাবা আর্টিফিসিয়াল ভেন্টিলেশন ছাড়া নিজে থেকেই শ্বাসপ্রশ্বাস নিতে পারবেন। তবে এখনো তাকে শঙ্কামুক্ত বলা যাবে না।”
অন্যদিকে ল্যাব এইডের আইসিইউ বিভাগ থেকে জানানো হয়েছে, ‘টিপিস ট্রায়াল’ ভিত্তিতে সোমবার সকাল থেকে কয়েক দফায় কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের যন্ত্রটি খুলে নেওয়া হয়েছিল। তখন মাঝেমধ্যে সাড়া দিলেও চিকিৎসকরা কোনো ঝুঁকিতে না গিয়ে তাকে লাইফ সাপোর্টেই রাখেন।
ফুসফুসের সংক্রমণ, কিডনি জটিলতা ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত ৪ জানুয়ারি ল্যাব এইড হাসপাতালে ভর্তির পর ৮১ বছর বয়সী কথাসাহিত্যিককে প্রথমে আইসিইউতে, পরে অবস্থার অবনতি হলে ৬ জানুয়ারি লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আইসিইউ বিভাগের পক্ষ থেকে বলা হয়, এই কথাসাহিত্যিকের নিউমোনিয়া ছড়িয়ে পড়ছে। মাইক্রোকার্ডিয়াল ইনফেকশন এখন মাল্টিপল অর্গানে ইনভলভড হয়েছে। তার কন্ডিশন এখনো বেশ ক্রিটিকাল।
১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে জন্ম নেন শওকত আলী। প্রথম জীবনে চিকিৎসক হওয়ার স্বপ্ন বুনেছিলেন তিনি। কিন্তু কলেজে বিজ্ঞান বিভাগ না থাকায় পরে তিনি মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। কলেজের ছাত্র জীবনেই তিনি কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন। এর কিছুদিন পরেই তিনি জড়িয়ে পড়েন রাষ্ট্রভাষা আন্দোলনে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে বন্দি করে জেলে পাঠায় পাকিস্তানের সামরিক জান্তা।
পরে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন তিনি। বামপন্থিদের ‘নতুন সাহিত্য’ পত্রিকায় লেখালেখি করেন শওকত আলী। এছাড়া দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ লেখা প্রকাশিত হয়।
শওকত আলী ‘ওয়ারিশ’ উপন্যাসে ব্রিটিশ শাসনামল, দেশভাগ আর হিন্দু-মুসলিম দাঙ্গার মর্মন্তুদ ছবি তিনি এঁকেছেন। বিখ্যাত ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসে তিনি নিম্নবর্গের মানুষের বঞ্চনার কথা বলেছেন, পাশাপাশি তিনি শোষকের করাল গ্রাসের বিপরীতে অচ্ছুৎ সম্প্রদায়ের বিপ্লব-বিদ্রোহের চিত্রটিও ফুটিয়ে তুলেছেন এখানে।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে, ‘পিঙ্গল আকাশ’, ‘প্রদোষে প্রাকৃতজন’, ‘অপেক্ষা’, ‘গন্তব্যে অতঃপর’, ‘উত্তরের খেপ’, ‘অবশেষে প্রপাত’, ‘জননী ও জাতিকা’, ‘জোড় বিজোড়’।
‘উন্মুল বাসনা’, ‘লেলিহান সাধ’, ‘শুন হে লখিন্দর’, ‘বাবা আপনে যান’সহ বেশ কয়েকটি গল্পগ্রন্থ সম্পাদনা করেছেন তিনি।
‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’ এবং ‘পূর্বরাত্রি পূর্বদিন’ উপন্যাসত্রয়ীর জন্য তিনি ‘ফিলিপস সাহিত্য পুরস্কার’ পান।
কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে একুশে পদক পান শওকত আলী। পরে বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার পান।
