রোহিঙ্গা বিয়ে: আদালতে লাখ টাকা দিতে হবে রিট আবেদনকারীকে
ছেলে এক রোহিঙ্গা নারীকে বিয়ে করায় হয়রানি ও গ্রেপ্তার থেকে বাঁচতে এক ব্যক্তির করা রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ সোমবার রিটটি খারিজ করে দিয়ে ওই ব্যক্তিকে এক লাখ টাকা খরচ হিসেবে জমা দিতে নির্দেশ দিয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরেনার্স অ্যাক্ট অনুসারে বিদেশিরা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারে না। এছাড়া আইন মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গা মেয়েদের বিয়ে করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে।
“কিন্ত এখানে আবেদনকারী পক্ষ মূলত দুই ধরনের অপরাধ করেছেন; এক- রোহিঙ্গা মেয়েকে বিয়ে। দুই- ওই মেয়েকে বিশেষ এলাকার বাইরে নিয়ে আসা। আবার সে বিয়ের নিবন্ধন পেতে সরকারের নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করায় আদালতের সময় নষ্ট হয়েছে। ফলে খরচ বাবদ রিটকারীকে এক লাখ টাকা জমা দিতে বলা হয়েছে।”
ত্রিশ দিনের মধ্যে এই টাকা জমা না পরলে ছেলের বাবা বাবুল হোসেনের বিরুদ্ধে আদালত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান মোতাহার হোসেন সাজু।
রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন এবিএম হামিদুল মিসবাহ।
গত বছরের ২৫ অক্টোবর আইন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশি ছেলেদের সাথে মায়ানমার হতে আগত রোহিঙ্গা মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বৃদ্ধি পাওয়ায় এবং কতিপয় নিকাহ রেজিস্ট্রার অপতৎপরতায় লিপ্ত থাকায় “বিশেষ এলাকা”(কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা) সমূহে নিবন্ধনের ক্ষেত্রে বর কনে উভয়ে বাংলাদেশি নাগরিক কিনা বিষয়টি সুনিশ্চিত হয়ে (জাতীয় পরিচয়পত্র দেখে) উক্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল নিকাহ রেজিস্ট্রারদেরকে নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে গাফিলতি হলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সরকারের এই নির্দেশনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এমন রুল চেয়ে এবং এ নির্দেশনার কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদনটি করেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারগ্রামের বাবুল হোসেন।
বাবুল হোসেনের ছেলে শোয়াইব হোসেন জুয়েল গত বছরের সেপ্টেম্বরে কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী রাফিজাকে বিয়ে করেন।
কিন্তু সরকারের এ নির্দেশনার কারণে বিয়ের নিবন্ধন নিয়ে জটিলতায় পড়েন জুয়েল ও তার পরিবার। ফলে এই নির্দেশনাটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তার বাবা বাবুল হোসেন।
