২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংক: বার বার জিজ্ঞাসাবাদ এড়াচ্ছেন ব্যবসায়ী সাইফুল হক

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের দুই দফা তলবেও হাজির হননি এবি ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী সাইফুল হক।

তাবারুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 11:04 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

সিঙ্গাপুর ও দুবাইভিত্তিক কোম্পানি পিনাকল গ্লোবাল ফান্ডের (পিজিএফ) সঙ্গে মিলে বিনিয়োগের নামে এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে এই তদন্ত করছে দুদক।

আটলান্টিক এন্টারপ্রাইজের মালিক সাইফুল হক ওই অর্থ পাচারে জড়িত ছিলেন বলে দুদক কর্মকর্তাদের সন্দেহ।  

সাইফুল হক স্কাই এভিয়েশন সার্ভিসেস লিমিটেড নামে আরেকটি কোম্পানির পরিচালক। তার ওই কোম্পানি বাংলাদেশে ফ্লাই দুবাইয়ের এজেন্ট।

এক সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করা সাইফুলের কোনো অংশীদারিত্ব নেই এ বি ব্যাংকে। তবে তিনি বিয়ে করেছিলেন বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের দ্বিতীয় মেয়েকে। আর মোরশেদ খান ওই ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।

Image
সাইফুল হক

সাইফুল হক

ফলে ব্যাংকের অনেক কাজেই সাইফুলের প্রভাব ছিল বলে একাধিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।

এর আগে শুল্কমুক্ত কোটায় সাইফুলের স্কাই এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের আনা চারটি বিলাসবহুল গাড়ি শুল্ক গোয়েন্দা বিভাগ শুল্ক ফাঁকির অভিযোগে জব্দ করেছিল। 

এবি ব্যাংকের অর্থ পাচারের অনুসন্ধানে ইতোমধ্যে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ছয় পরিচালক ও দুই সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান এই অনুসন্ধান পরিচালনা করছেন। তারা গত বৃহস্পতিবার ও রোববার দুই দফা সাইফুল হককে তলব করেও কোনো সাড়া পাননি।

সৈয়দ ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইফুল হক আমাদের কাছে আসেননি। সময় চেয়ে কোনো আবেদনও তিনি করেননি। এখন তার বিরুদ্ধে আইন অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়ার দিকে যেতে হবে।”

এ বিষয়ে সাইফুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি  ক’দিন দেশের বাইরে ছিলাম, গতরাতে এসেছি। কিছুক্ষণ আগে দুদক অফিসারের মোবাইল নাম্বার পেয়েছি। আগামীকাল অফিস চলাকালে আমি যাব।”

দুদকের সঙ্গে কথা বলার আগে অর্থ পাচারের অভিযোগ নিয়ে বিস্তারিত কথা বলতে চাননি এই ব্যবসায়ী।

দুদক কর্মকর্তারা বলছেন, এবি ব্যাংকের অর্থ পাচারের ওই ঘটনা ঘটে ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের জুনের মধ্যে।

সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এম ওয়াহিদুল হক। মো. ফজলুর রহমান ও শামীম আহমেদ চৌধুরী ছিলেন এমডির দায়িত্বে।

তাদের পাশাপাশি ব্যাংকের ফাইনাশিয়াল ইন্সটিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামাল, হেড অব করপোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, কোম্পানি সচিব মাহদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এমএন আজিমকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

আর এবি ব্যাংকের ছয় পরিচালক শিশির রঞ্জন বোস, মেজবাহুল হক, ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, রুনা জাকিয়া ও অধ্যাপক এম ইমতিয়াজ হোসাইনকে রোববার সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ বি ব্যাংকের দুই কোটি ডলার ও পিনাকলের আট কোটি ডলার মিলিয়ে ১০ কোটি ডলারের একটি তহবিল গঠন করে তা দুবাইয়ে বিনিয়োগের সিদ্ধান্ত হয় ২০১৩ সালে।

এরপর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নিয়েই এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে দুই কোটি ডলার পাঠিয়ে দেওয়া হয় আবুধাবির একটি ব্যাংক অ্যাকাউন্টে।

পরে সেই টাকা আত্মসাৎ করা হয়। আর কথিত ওই বিনিয়োগ এবং অর্থ আত্মসাতের পেছনে আটলান্টিক এন্টারপ্রাইজের সাইফুল এবং তার বন্ধু দুবাইয়ের নাগরিক খুররম আবদুল্লাহর ভূমিকা ছিল বলে দুদক কর্মকর্তাদের ধারণা। 

এই তদন্তের অংশ হিসেবে এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান এম এ আউয়াল এবং পরিচালক বি বি সাহা রায়কেও সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হকসহ ব্যাংকটির সাবেক ও বর্তমান ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পুরনো খবর:

এবি ব্যাংকের ৬ পরিচালককে সাড়ে ৬ ঘণ্টা দুদকে জিজ্ঞাসাবাদ
আত্মসাতের মামলায় মোরশেদ খান ও স্ত্রীর আগাম জামিন