জয়নুল, খোকনের জামিন মিলল হাই কোর্টে
বেআইনি সমাবেশ, সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মচারীকে আঘাতসহ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন আগাম জামিন পেয়েছেন।
ছয় মাস অথবা মামলার পুলিশ প্রতিবেদন যেটি আগে হয় সে সময় পর্যন্ত তাদের আগাম সময় দিয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি মো. মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেয়।
সমিতির সভাপতি ও সম্পাদকের পক্ষে শুনানি করেন আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত আইনজীবী সমিতির সহ-সভাপতি ওজিউল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার সময় গত বছরের ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের মাজার গেট ভেঙে দলটির নেতা-কর্মীরা সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান নেয়। পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয়।
ফাইল ছবি
ওই দুই মামলাতেই জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন আগাম জামিন পেয়েছেন বলে জানান মনিরুজ্জামান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “আপিল বিভাগের সিদ্ধান্ত আছে, চার সপ্তাহের বেশি আগাম জামিন না দেওয়ার। কিন্তু হাই কোর্টের এ বেঞ্চ এ দুজনকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে। আমি মনে করি এটা এখতিয়ারবহির্ভূত।”
তাই হাই কোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রোববারই আপিলে আবেদন করা হবে বলে বলে জানান রাষ্ট্রের এ আইন কর্মকর্তা।
