২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরে ‘জলমহাল নীতির’ অপব্যবহার বন্ধের দাবি

জীবন-জীবিকা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হাওরের দুর্যোগ প্রতিরোধে ‘হাওর বা জলাভূমি পঞ্জিকা’ গ্রহণসহ এ সংক্রান্ত নীতি ও  আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘হাওরের দুর্যোগ প্রতিরোধ জাতীয় কমিটি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 06:20 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে ‘হাওড়ের ফসল-সড়ক ও নদীপথ-জীব ও অভয়াশ্রম, বাঁধ ব্যবস্থাপনা, সীমান্ত দূষণ’ নিয়ে করণীয় বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কমিটির নেতারা।

সংবাদ সম্মেলন থেকে ‘জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯’ ও ‘বাংলাদেশ পানি আইন ২০১৩’ এর বাস্তবায়নের দাবিও জানান তারা।

এতে হাওরের দুর্যোগ প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক ম ইনামুল হক বলেন, ‘জলমহাল নীতি ২০০৯’ এর অপব্যবহার করে ‘খোলা জলমহাল’ ‘বদ্ধ জলমহাল’ হিসেবে দেখিয়ে লিজ দেওয়া হচ্ছে।

“এর ফলে হাওরাঞ্চলের প্রধান জীবিকা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে জেলেরা। আর রাজনৈতিক যোগসাজশ, দুর্নীতি ও অবৈধ প্রক্রিয়া জলাধার লিজ নিয়ে মুনাফা গুনছে কতিপয় কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী।”

তিনি বলেন, “কখন কতটুকু পানিতে কী ধান রোপন করতে হবে তা আমাদের হাওর পঞ্জিকায় রয়েছে। কিন্তু হাওরের কৃষিজীবীদের উচ্চ ফলনের লোভ দেখিয়ে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে উদ্ভুদ্ধ করা হচ্ছে।

“এতে স্থানীয় জাতের ধান চাষ দিন দিন যেমন কমছে, তেমনি উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করতে গিয়ে ব্যত্যয় ঘটছে ‘হাওর বা জলাভূমি পঞ্জিকার’। এতে ঝুঁকির মুখে পড়ছে চাষীরা।”

পেশায় প্রকৌশলী ইনামুল বলেন, উচ্চ ফলনশীল ধান ফলাতে হাওর নিষ্কাষণ চাষযোগ্য করায় বা অপরিকল্পিত বাঁধ তৈরি করে হাওরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হয়েছে, এখনও করে যাচ্ছে। এছাড়া হাওরের ‘মুক্ত জলমহালগুলোক’ বদ্ধ জলমহাল দেখিয়ে লিজ দিয়ে হাওড়ের মত্স্যজীবীদের জীবিকা সঙ্কট তৈরি করছে।

গত বছর পাহাড়ি ঢল, আগাম বন্যা ও অতি বৃষ্টিতে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানি ঘটে। হাওরগুলোর বাঁধ যথাসময়ে নির্মাণ বা পুনর্নির্মাণ না করা এবং দুর্নীতি এর পেছনে একটা বড় কারণ বলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ পানি আইন ২০১৩-এর ২০ ধারায় ভূ-উপরস্থ জলস্রোতের স্বাভাবিক প্রবাহ বন্ধ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ আইনের ২২ নং ধারায় অতিথি পাখিগুলোর নিরাপদ অবস্থানের জন্য জলাধার সংরক্ষণ করতে বলা হয়েছে এবং ২৬ ধারায় প্রাকৃতিক জলাধারকে কোনোমতেই নিঃশেষ না করতে বলা হয়েছে। কিন্তু এসব নীতি ও আইন প্রয়োগে জনসেবক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দুর্বলতা ও অনীহা লক্ষ করা যায়।’

বাংলাদেশ সরকার ২০০৯ সালে ‘জলমহাল ব্যবস্থাপনা নীতি’ প্রণয়ন করে।

এ নীতিমালার ২ (গ) ধারায় বলা হয়েছে, ‘জলমহাল এমন জলাশয়কে বোঝাবে, যেখানে বছরের একটি সময় বা সারা বছর জলমগ্ন থাকে এবং যা হাওর, বাঁওড়, বিল, ঝিল, পুকুর, ডোবা, হ্রদ, দীঘি, খাল, নদী, সাগর ইত্যাদি নামে পরিচিত। এমন জলমহাল বদ্ধ বা উন্মুক্ত হতে পারে। বদ্ধ জলমহালের নির্দিষ্ট চতুঃসীমা থাকবে এবং উন্মুক্ত জলমহালের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট চতুঃসীমা থাকবে না। কিন্তু এ নীতির অপব্যবহার করে হাওরসহ ‘খোলা জলমহাল’গুলো ‘বদ্ধ জলমহাল’ হিসেবে দেখিয়ে লিজ দেয়ার অবৈধ প্রক্রিয়া চলছে।’

মাছ ধরার ক্ষেত্রে ‘জলমহাল ব্যবস্থাপনা নীতির’ ২৯ ধারা অনুযায়ী মত্স্যজীবীদের টোকেন ফি দিয়ে লাইসেন্স দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘এ পদ্ধতিতে লিজ ব্যবস্থাপনার চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় হবে।’

হাওরে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে ৬ দফা প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে।

এসব প্রস্তাবনার মধ্যে প্রথমেই রয়েছে সারা দেশে খোলা জলমহাল যথা নদী, খাল, বিল, হাওর ‘বদ্ধ জলমহাল’ দেখিয়ে লিজ দেওয়া বন্ধ করা এবং জলমহাল নীতির ২৯ ধারা মোতাবেক জেলেদেরকে ‘টোকেন ফি’ নিয়ে মাছ ধরার সুযোগ দেওয়ার কথা।

অন্যান্য প্রস্তাবনায় বলা হয়, প্রত্যেক জলাভূমির মাঝে নির্দিষ্ট খাসজমিতে মাছের জন্য ‘অভয়াশ্রম’ তৈরি করতে হবে। জলাভূমিকে অতিনিষ্কাষণ করে সম্পূর্ণ এলাকা ধান চাষের আওতায় আনা যাবে না।

হাওর ও বিলে ১৬০ দিন জীবনকালের বিআর ২৯ বা এই জাতীয় ধান, ১৪০ দিন জীবনকালের উফশী ধান ও স্থানীয় জাতের ধান কোনো হাওরে কবে থেকে কী পরিমাণ আছে তা জরিপ করতে হবে।

হাওর অঞ্চলের বাঁধকে ফাল্গুন মাসের মধ্যে মেরামত করে ৩০ চৈত্র পর্যন্ত বন্যা মোকাবেলা করতে হবে। ১ বৈশাখ খালের মুখ কেটে মাছের প্রজননের জন্য হাওরে পানি প্রবেশ করতে দিতে হবে।

মাঠ পর্যায়ে এনজিওগুলো যাতে দেরিতে লাগানো বা বন্যার ঝুঁকিগ্রস্ত ধানের বিপরীতে ঋণ দিয়ে চাষীদের বিপদে ফেলতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

মেঘালয় ও ত্রিপুরা থেকে আসা নদীর পানি নিয়মিত পরীক্ষা করে খনির বর্জ্য মাছ ও অন্য জীবের কী ক্ষতি করছে তা নিরূপণ করতে হবে এবং প্রতিকারের জন্য ভারতকে জানাতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কমিটির সদস্য সচিব শামসুদ্দোহা শোয়েব, কমিটির সদস্য মো. হানিফ, আবু জাফর বাবু, হুমায়ুন কবির, সুজন মুন্সী ও আমিনুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।