২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষজ্ঞ হিসেবে ইন্টারপোলে যাচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা

জঙ্গিবাদ দমনে বিভিন্ন রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ পুলিশের দুজন কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 05:38 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

পুলিশ সপ্তাহ উপলক্ষে শনিবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, “সম্প্রতি বেইজিংয়ে ইন্টারপোলের এক সভায় আমাদের জঙ্গিবাদ দমনের প্রক্রিয়া প্রশংসিত হয়েছে। ইন্টারপোলের সেক্রেটারি আমার কাছে জঙ্গিবাদ দমনে দুজন কর্মকর্তা চেয়েছেন, যারা অন্যান্য রাষ্ট্রে জঙ্গিবাদ দমনে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন। ইতোমধ্যে দুজনের নাম আমরা অনুমোদন করেছি।”

সংবাদ সম্মেলন শেষে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাহবুবুর রহমান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে খণ্ডকালীন প্রশিক্ষক হিসেবে গেলেও জঙ্গিবাদ দমনে বিশেষজ্ঞ হিসেবে ইন্টারপোলে বাংলাদেশ পুলিশের স্থায়ী নিয়োগের বিষয়টি এবারই প্রথম ঘটতে যাচ্ছে।

‘নিরাপত্তাজনিত কারণে’ ওই দুই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বলেন, “ইন্টারপোল আমাদের কাছে দুইজন কর্মকর্তার নাম চেয়েছে। আমরা সে অনুযায়ী দুইজনের নাম পাঠিয়েছি, পরবর্তী সকল প্রক্রিয়া ইন্টারপোলই করবে।

“এটা বাংলাদেশের জন্য বড় পাওয়া। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পুলিশের নাম আরেক ধাপ এগিয়ে গেল।”

নব্বই এর দশক থেকে বিভিন্ন সময়ে তৎপরতা দেখা গেলেও বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশে জঙ্গিবাদের উপস্থিতির বিষয়টি বড় আলোচনা হয়ে আসে ২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায়।

ওই হামলায় ৫ জঙ্গি সহ দেশি-বিদেশি ২২ জন নাগরিকের মৃত্যুর পর দেশব্যাপী একের পর এক অভিযান পরিচালনা করতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে মারা পড়েন অনেক জঙ্গি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে মোট ৩৫টি অভিযান হয়েছে। এতে ৫৭ জন নিহত হয়েছে, যারা প্রত্যেকেই ‘সুইসাইড স্কোয়াড’র সদস্য। গ্রেপ্তারের সংখ্যা শতাধিক।

শহীদুল বলেন, “অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। জঙ্গিবাদের যে উত্থান হয়েছিল, তার পুরো নেটওয়ার্ক নস্যাৎ করে দেওয়া হয়েছে।”

জঙ্গিবাদ ও মাদক দমনের ক্ষেত্রে সামাজিক সচেতনতার অভাবের কথাও বলেন তিনি।

“আমরা জঙ্গি ও মাদক নির্মূল করতে পারিনি। মাদক একটি বড় সমস্যা। মাদকের মধ্যে বড় সমস্যা হচ্ছে ইয়াবা। এসব নিয়ন্ত্রণ করতে হলে শুধু পুলিশ বা আইন দিয়ে কিছু হবে না। এগুলোর জন্য সামাজিক, পারিবারিক জনমত গড়ে তুলতে হবে।”

চলতি বছর চালু হওয়া জরুরি সেবা ৯৯৯ সার্ভিসও কার্যকর ছিল জানিয়ে শহীদুল বলেন, এই পর্যন্ত সাড়ে ৪ লাখ কল এসেছে। এরমধ্যে ১২ হাজারটি কলের সার্ভিস দেওয়া হয়েছে। বাকি কল এসেছে তথ্য চেয়ে।

সংবাদ সম্মেলনে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, সিআইডি প্রধান  অতিরিক্ত মহাপরিদর্শক হেমায়েত হোসেন, অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ) মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত মহাপরিদর্শক (কাউন্টার টেররিজম) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।