সংসদ অধিবেশন ঘিরে নিরাপত্তা বাড়ছে
নতুন বছরের শুরুতে জাতীয় সংসদের অধিবেশন সামনে রেখে নিরাপত্তা জোরদার করছে পুলিশ।
শনিবার রাত ১২টা থেকে সংসদ ভবন এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সব ধরনের ‘অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক বা দূষণীয় দ্রব্য’ বহন এবং মিছিল, সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শুক্রবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামোটর ক্রসিং; বাংলামটর লিংক রোডের পশ্চিম দিক থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত; মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর হবে।
এছাড়া ইন্দিরা রোডের পূর্ব দিক থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিক এবং সেই সঙ্গে জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথে এ নিষেধাজ্ঞা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আগামী রোববার থেকে শুরু হচ্ছে চলতি সংসদের ১৯তম অধিবেশন। সংবিধানের বিধি অনুযায়ী সেদিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা চলবে এ অধিবেশনে।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্যক্রম ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ বৈঠকে অংশ নেবেন।
কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে তার পরবর্তী অধিবেশন শুরুর পরই শোক প্রস্তাব গ্রহণ করে মুলতবি হয়।
গত বছর গাইবান্ধার সংসদ সদস্য নুরুল ইসলাম লিটন মারা যাওয়ায় শোক প্রস্তাব গ্রহণের পর কিছু সময় মুলতবি করে পরে ভাষণ দেন রাষ্ট্রপতি।
এবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ছায়েদুল হক এবং গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মারা যাওয়ায় রোববার অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনা হবে।
