সড়কের থেকে ইন্টারনেটের মহাসড়ক গুরুত্বপূর্ণ: জব্বার
গাড়ি চলার সড়ক তৈরির থেকে ইন্টারনেট চলার নতুন মহাসড়ক তৈরিকেই বেশি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভায় নিজের ভাবনা জানান তিনি।
জব্বার বলেন, “আজকের দিনে প্র্যাকটিক্যালি গাড়ি চলার সড়ক তৈরি করার চাইতে ইন্টারনেট চলার নতুন মহাসড়ক তৈরি কতে পারি কি না- এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়।
“আগামী দিনে এটি আরও গুরুত্বপূর্ণ হবে এবং এই মন্ত্রণালয় যে ভূমিকা পালন করবে সেটির উপর নির্ভর করবে বাকি মন্ত্রণালয়গুলো কতটা সেবা জনগণের কাছে পৌঁছাতে পারবে অথবা রূপন্তরটুকুকে মানুষের কাছে কীভাবে নিয়ে যেতে পারবে।”
মন্ত্রী হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় শপথ নেন মোস্তাফা জব্বার। বুধবার তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ দিন ওই মন্ত্রণালয়ে মন্ত্রী নিয়োগ দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের দপ্তর বদলে তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এই মন্ত্রণালয়ের আরেক বিভাগে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন জুনাইদ আহমেদ পলক।
দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে আসেন জব্বার। গাড়ি থেকে নামার পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ফুল দিয়ে তাকে বরণ করেন। পরে সরাসরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে যান মন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ৪৭ বছরের পরিচয়ের বিষয়টি তুলে ধরেন দেশে তথ্য প্রযুক্তি খাতের পরিচিতি মুখ জব্বার।
“আমি পেছনে থেকে কাজ করার চেষ্টা করেছি। আওয়ামী লীগের নির্বাচনী কর্মকাণ্ড অথবা আওয়ামী লীগের দলের ডিজিটাল রূপান্তর অথবা মিডিয়ার সাথে কাজ করা- এগুলো আমি পেছন থেকে কাজ করেছি
“প্রধানমন্ত্রী আমাকে এমপি হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমি তখন বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমার একজন সংসদ সদস্য হওয়ার চাইতে আপনার প্রধানমন্ত্রী হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তার সেই অনুরোধ না রেখে আমি চেষ্টা করেছি তাকে সহায়তা করার।”
সরকারের শেষ বছরে এসে টেলিকম-আইসিটি মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয় কিবোর্ডের প্রবর্তক জব্বার।
“আমি কৃতজ্ঞ যে প্রধানমন্ত্রী তার মেয়াদকালের শেষ বছরে এমন একটি জায়গায় বসিয়েছেন যেটি আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমাকে যদি কেউ বলে এই জীবনের মধ্যে আপনি কি বিষয় নিয়ে সবচেয়ে বেশি সময় কাটাইছেন? তাহলে বলব, এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবগুলো বিষয় নিয়ে আমি যে পরিমাণ সময় দিয়েছি দুনিয়ার আর কোনো বিষয় নিয়ে বোধহয় না আমি এই পরিমাণ সময় দিয়েছি।”
আগেও যখন-তখন টেলিযোগাযোগ সচিবের কক্ষে ঢুকে যেতেন জানিয়ে জব্বার বলেন, “আগে যখন কথা বলতাম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে। … তখন সুরটা ছিল দাবি-দাওয়ার আদার করার।
“নেত্রী এখন আমাকে টেবিলের উল্টো জায়গায় বসিয়ে দিয়েছেন, টেবিলের ওই দিক থেকে এই দিকে বসিয়ে দিয়েছেন। এখন আমার দাবি-দাওয়া পেশ করার চাইতে দাবি-দাওয়া বাস্তবায়ন করা এটাই বোধহয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি যেসব কথা আগে বলেছি সেটি এখন বাস্তবায়ন করব কি না এটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে গেছে।”
জব্বার বলেন, “এই মন্ত্রণালয়ের দুটি বিভাগ হচ্ছে আমার দুটি পা অথবা দুটি হাত অথবা দুটি চোখ, সেইভাবে যেন আমরা দেখি। একে-অপরের পরিপূরক, একে অপরের সঙ্গে সমন্বয় করে, একটি আরেকটির সঙ্গে সহযোগিতা করে দুটি বিভাগ পরিচালিত হবে।”
টেলিকম বিভাগের মধ্যে বেশ কিছু জটিল আকারের সমস্যা আছে জানিয়ে জব্বার বলেন, সেগুলো সমাধান করা একটু চ্যালেঞ্জিং। আমাদের বেশ কয়েকটি সংস্থা আছে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, সক্রিয় প্রতিষ্ঠানে পরিণত করা অথবা জনগণের কাছে সেইভাবে সেবা পৌঁছে দেওয়া- এই জায়গাগুলোতে খুবই চ্যালেঞ্জিং অবস্থা বিরাজ করে।
“আমি মন্ত্রণালয়ের ছাত্র হিসেবে এসেছি। এই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমার ছাত্র হওয়ার সময়, এখন জানার বিষয়, বোঝার বিষয়। যেহেতু সময় এক বছর তাই শেখার জন্য বেশি সময় দেওয়া যাবে না। আশা করি এক সপ্তাহের মধ্যে শিখে যাব।”
জব্বার বলেন, আমি স্পষ্টবাদী মানুষ সমালোচনা করি, সমালোচনা সহ্য করতে পারি। আপনারা স্পষ্টভাবে আমাদের ভুলত্রুটি দেখতে আমাদের সংশোধন করে দেবেন।
“আমি মনে করি ইন্টারনেট আমাদের পঞ্চম মৌলিক অধিকার। ইন্টারনেটের মহাসড়কটাকে যদি বিস্তৃত করতে পারি, জনগণের কাছে পৌঁছাতে পারি, ডিজিটাল রূপান্তরের সময়সীমার মধ্যে সেগুলো বাস্তবায়ন করতে পারব।”
