২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার মেয়র সাক্কুকে আত্মসমর্পণের আদেশ হাই কোর্টের

দুর্নীতির মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে বিচারিক আদালতের দেওয়া অব্যাহতির আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 04:34 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

একইসঙ্গে তাকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালতের দেওয়া অব্যাহতির আদেশটির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন শুনে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

পরে দুদকের তিনি সাংবাদিকদের বলেন,জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৮ গত ২১ নভেম্বর মনিরুল হক সাক্কুকে অব্যাহতি দেয়।

Image
মনিরুল হক সাক্কু (ফাইল ছবি)

মনিরুল হক সাক্কু (ফাইল ছবি)

“সেই আদেশ চ্যালেঞ্জ করে দুদক হাই কোর্টে আবেদন করেছিল। আমরা আদালতকে দেখিয়েছি, তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আছে। সাক্ষ্যের মাধ্যমে নির্ণীত হবে এগুলো সঠিক কি না। অভিযোগ গঠনের সময় এভাবে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই।”

শুনানি শেষে রুল জারি করে চার সপ্তাহের মধ্যে সাক্কুসহ বিবাদিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আর সাক্কু জামিন চাইলে বিচারিক আদালতকে হাই কোর্ট তা বিবেচনা করতে বলেছে বলেও জানান দুদকের আইনজীবী।

আত্মসমর্পণের সময়ের বিষয়ে জানতে চাইলে খুরশীদ বলেন, “সময়টা নির্দিষ্ট করে কিছু বলেনি। তবে ধরে নিতে হবে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব।”

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি কুমিল্লা সিটি মেয়র ও বিএনপি নেতা সাক্কুর বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ।

এরপর গত বছরের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন সাক্কু।

২১ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা থেকে তাকে অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক শামীম আহম্মদ।

ওই আদেশ চ্যালেঞ্জ করে আবেদন করে দুদক। সেই আবেদনের শুনানি নিয়েই বৃহস্পতিবার হাই কোর্ট রুল জারিসহ সাক্কুকে আত্মসমর্পণের নির্দেশ দেয়।