ছায়েদুল হক ও মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে মন্ত্রিসভার শোক
মন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক এবং চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
এছাড়া গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতেও মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এসব শোক প্রস্তাব নেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত গত ১৬ ডিসেম্বর মারা যান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক।
এর আগেরদিন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী মারা যান।
আর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মারা যান।
৭১তম অবস্থানে চট্টগ্রাম বন্দর
আন্তর্জাতিক একটি জরিপে চট্টগ্রাম বন্দরের অবস্থান এগিয়েছে বলে মন্ত্রিসভাকে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চট্টগ্রাম বন্দর বিশ্বের বন্দরগুলোর মধ্যে ৭১তম স্থানে অবস্থান করছে। ২০০৯ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮তম, গত আট বছরে ২৮ ধাপ এগিয়ে এই অবস্থানে এসেছে।
“লয়েডস লিস্ট পত্রিকা এই সার্ভে করে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক রেটিং সংস্থাটি তালিকা প্রকাশ করেছে। একটি সার্টিফিকেট দিয়েছে তারা, নৌমন্ত্রী তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।”
